সিঙ্গাইরের সবজিচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

জালের মতো অর্থনীতির সুতাও একটি আরেকটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো সিঙ্গাইরে ‘ভালো নেই সবজিচাষিরা’ খবরটি আরেকবার অর্থনীতির সেই সাধারণ সূত্রটি মনে করিয়ে দিল।

এ প্রতিবেদন থেকে জানা গেল, ঢাকা বা সাভারের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ছাঁটাইয়ের সঙ্গে সিঙ্গাইরের সবজিচাষিদের সম্পর্ক কত গভীর। উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের চাষিদের মতে, করোনায় পোশাক কারখানাসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করায় সেখানকার সবজির চাহিদা কমে গেছে। ফলে চাষিরা সবজির আশানুরূপ দাম পাচ্ছেন না। ঢাকার পাশে হওয়ায় এই উপজেলার উৎপাদিত বিভিন্ন সবজি ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন বাজার ও আড়তে পাঠানো হয়।

চাহিদা কম থাকায় সবজিচাষিরা বেশি উৎপন্ন করেও লোকসানের মুখোমুখি। প্রথম আলোর খবর অনুযায়ী, গত বছর খেত থেকেই পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ওলকপি ৩৫ টাকা দরে ৫০ হাজার টাকায় বিক্রি করা যেত। এবার পাইকার নেই। স্থানীয় বাজারে প্রতি কেজি ওলকপি বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকায়।

সিঙ্গাইরে বাণিজ্যিকভাবে মিষ্টিকুমড়া, চালকুমড়া, চিচিঙ্গা, বেগুন, গাজর, টমেটো, শসা, ঢ্যাঁড়স, পেঁপে, করলা, লাউ, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পটোল, শিম, বরবটি, মুলা, লাউশাক, লালশাক, পুঁইশাক, পাটশাক, পালংশাক প্রভৃতি সবজির চাষ হয়। উপজেলায় সারা বছরই সবজির আবাদ হয়ে থাকে। কিন্তু এ বছর বন্যার পানি ঢুকে পড়ায় তা সম্ভব হয়নি। ফলে চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে শীতের সবজির ওপরই জোর দিয়েছেন।

সমস্যাটি কেবল সিঙ্গাইর উপজেলা বা মানিকগঞ্জ জেলার নয়। সারা দেশেই সবজিচাষিরা উৎপাদিত পণ্যের দাম পাচ্ছেন না। আমাদের বাজার ব্যবস্থাপনা এতটাই ভঙ্গুর যে একই পণ্যের দাম একেক স্থানে একেক রকম। সবজি সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই। ঢাকায় যে বেগুনের কেজি ২০ টাকা বিক্রি হয়, সেই বেগুন বিক্রি করে দিনাজপুরের চাষি পাঁচ টাকাও পান না। একইভাবে সিঙ্গাইরের ওলকপি ঢাকায় এসে চার গুণ দামে বিক্রি হওয়ার কোনো যুক্তি নেই।

সরকারের নীতিনির্ধারকেরা বহুদিন ধরে আধুনিক বাজার ব্যবস্থাপনা, চাষিদের জন্য আলাদা বাজার তৈরি করার কথা বলে আসছেন। কিন্তু দু-একটা স্থান ছাড়া কোথাও এই বাজার তৈরি হয়নি। ফলে চাষিরা বঞ্চিত হচ্ছেন এবং মধ্যস্বত্বভোগীরা লাভের গুড় হাতিয়ে নিচ্ছেন।

সিঙ্গাইরসহ সারা দেশের সবজিচাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন।