সিঙ্গাপুরে চার বাংলাদেশির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ও শোলাকিয়ার ঘটনায় হতভম্ব বাংলাদেশের পাশে যে আন্তর্জাতিক সম্প্রদায় সজাগ ও সক্রিয় রয়েছে, তারই একটি স্বস্তিদায়ক ­উদাহরণ তৈরি হলো সিঙ্গাপুরের আদালতে। সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গি হিসেবে তাদের গ্রেপ্তার থেকে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত সাত মাসও অতিক্রম করেনি। দ্রুত বিচারের এমন নজির এশিয়ার জন্য প্রকৃতপক্ষে একটি রোল মডেল এবং যা আমাদের জন্য অনুকরণীয় হতে পারে।
গত ২৭ মে চার অভিযুক্তকে প্রথম আদালতে হাজির করা হয়, আর কোনো অনভিপ্রেত মুলতবি ছাড়াই মাত্র ছয় সপ্তাহের মধ্যে ১২ জুলাইয়ে রায় ঘোষণা করা হয়। অথচ জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে সিঙ্গাপুর থেকে যাদের বাংলাদেশে পাঠানো হয়েছিল, তাদের বিচার কবে নাগাদ সম্পন্ন হতে পারে, সে বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য ধারণা পাওয়া যায় না।


আন্তর্জাতিক সমস্যা হিসেবে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা কোনো দেশের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব নয়। দেখা যাচ্ছে, এক দেশে পরিকল্পনা হচ্ছে আর তা বাস্তবায়িত হচ্ছে আরেক দেশে। গত জানুয়ারিতে সিঙ্গাপুর জানিয়েছিল যে আইএসের পক্ষে বা তাদের দ্বারা উৎসাহিত হয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার উৎখাত এবং নাশকতা চালানোর পরিকল্পনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে তারা ২৬ বাংলাদেশিকে গ্রেপ্তার ও তাদের বহিষ্কার করে।
সিঙ্গাপুরের আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা বিভাগ, প্রসিকিউশন টিম এবং আদালত–সংশ্লিষ্ট প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলেই এত অল্প সময়ে এই বিচার পাওয়া সম্ভব হয়েছে। উপরন্তু সিঙ্গাপুরের ফৌজদারি বিচারব্যবস্থা কেবল আইনের শাসন ও মানবাধিকারের সব মৌলিক শর্তই পূরণ করেছে তা–ই নয়, গোটা বিশ্ববাসীর সামনে তারা ন্যায়বিচার প্রদানের বোধেরও সঞ্চার ঘটিয়েছে। দণ্ডিত ব্যক্তিরা দোষ স্বীকার করে অনুশোচনা করেছেন এবং তাঁদের দুই থেকে পাঁচ বছরের সাজা হওয়ার কারণে ধারণা করা হচ্ছে, আদালত তাঁদের প্রতি কিছুটা অনুকম্পাও প্রদর্শন করেছেন।
সার্বিক বিচারে দ্রুততম সময়ে চার বাংলাদেশি জঙ্গির কারাদণ্ড লাভের ওই ঘটনা বাংলাদেশের সব কর্তৃপক্ষের জন্য একটি শিক্ষণীয় বিষয় বলেই প্রতীয়মান হয়।