সিটি করপোরেশন নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিতে বিএনপির কালক্ষেপণ করা উচিত নয়। সব দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে বিএনপি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিলে যে তাদের লাগাতার অবরোধে সৃষ্ট দমবন্ধ অবস্থা থেকে জনগণ নিস্তার পাবে, সে বিষয়ে সন্দেহ নেই। আর এ ব্যাপারে সরকার ও সরকারি দলেরও বিরোধী দলের প্রতি সহনীয় মনোভাব দেখানো জরুরি বলে মনে করি। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহারের প্রবণতা থেকে সরে আসতে হবে।
এটা স্বস্তির বিষয় যে বিএনপি সিটি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিলে তাকে স্বাগত জানানোর কথা বলেছে আওয়ামী লীগ। কিন্তু এটা লোক-দেখানো বা নিছক কৌশলগত হওয়া উচিত নয়। আচার-আচরণে প্রমাণ দিতে হবে যে তারা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল। আর বিএনপির উচিত হবে হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বেরিয়ে এসে সিটি নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করা। এমনকি বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া সত্ত্বেও দলের অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিটি নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ১৮ ম্যাজিস্ট্রেটএখন সরকার ও প্রতিদ্বন্দ্বী সব পক্ষের কর্তব্য হবে একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখা। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে আস্থার পরিবেশ দরকার, সেটি তৈরির ক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে। বিরোধী দল যাতে অবাধে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই নিশ্চয়তাও তাকে দিতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে যে-ই জয়ী হোক না কেন, পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস অনেকটাই কমে আসবে। সন্দেহ নেই যে নির্বাচন সুষ্ঠু করার বিষয়টি অনেকাংশে সরকারি দলের সদিচ্ছার ওপর নির্ভর করবে।
আমরা আশা করব, নির্বাচন কমিশন নির্বাচনী আইন ও আচরণবিধি যাতে প্রার্থীরা কঠোরভাবে অনুসরণ করেন, তা নিশ্চিত করবে। তাদের নিজেদেরই উচিত হবে বিএনপির সঙ্গে আলোচনায় যথেষ্ট খোলামন নিয়ে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া।