বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সিটি করপোরেশনগুলোর নির্বাচিত মেয়রদের যে প্রক্রিয়ায় বাদ দেওয়ার তৎপরতা চলছে, তা এককথায় অশুভ। এভাবে স্থানীয় সরকারব্যবস্থার গুরুতর ক্ষতিসাধন করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
গত রোববার প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বিএনপি-সমর্থিত সিটি মেয়রদের বিরুদ্ধে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অন্যায্য আচরণের কিছু তথ্য রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের চলমান অবরোধ-হরতাল কর্মসূচির সুযোগে তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। যানবাহন পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ নানা ধরনের নাশকতার অভিযোগে বিএনপির নেতাদের বিরুদ্ধে যেভাবে মামলা দায়ের করা হয়েছে ও হচ্ছে, এই মেয়রদের বিরুদ্ধেও একই পন্থা অবলম্বন করা হচ্ছে। ফলে তাঁরা কর্মক্ষেত্র ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।
সরিয়ে দেওয়া হচ্ছে বিএনপির মেয়রদেরফৌজদারি অপরাধের মামলার আসামি হিসেবে ইতিমধ্যে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা আছে এবং তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। রাজশাহীর মেয়রের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে তিনি পলাতক। তাঁকে বরখাস্ত করার উদ্যোগ চলছে বলে খবর পাওয়া গেছে। খুলনার মেয়র মো. মনিরুজ্জামানের বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং তিনি এক মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এভাবে শুধু রাজনৈতিক কারণে স্থানীয় সরকারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি করপোরেশনগুলোকে যে বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে নতুন কোনো সরকার একই ধরনের উদ্যোগ নিতে পারে। স্মরণ করা যেতে পারে, উল্লিখিত সিটি করপোরেশনগুলোর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে—এটা এই সরকারই দাবি করেছিল। তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত এসব জনপ্রতিনিধিকে দায়িত্ব পালন করতে না দিয়ে তাঁদের বরখাস্ত করার এসব তৎপরতা কেন? অবিলম্বে এসব বন্ধ হওয়া উচিত।