ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারকাজ শুরু হওয়ার পর আচরণবিধি লঙ্ঘন ও মাঠ সমতল থাকা না–থাকা নিয়ে জোর বিতর্ক চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা মন্ত্রী-সাংসদদের নির্বাচনী প্রচার থেকে বিরত রাখাকে অযৌক্তিক বলে দাবি করেছেন। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, ভয়ভীতি ও নির্বাচনী প্রচারে তাঁদের প্রার্থী ও সমর্থকদের বাধা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে গত শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকটি ছিল তাৎপর্যপূর্ণ। এতে আওয়ামী লীগ নেতারা আচরণবিধি স্ববিরোধী এবং সাংসদদের পদ লাভজনক নয় বলে দাবি করেন। তাঁরা নির্বাচনী প্রচারে না হলেও কার্যক্রমে সাংসদদের অংশগ্রহণের সুযোগ চান। কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয় যে সাংসদেরা নির্বাচনী প্রচার ও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সাংসদেরা নির্বাচনের সমন্বয়ক হতে পারবেন না।
আচরণবিধিতে স্পষ্টতই বলা আছে, ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (মন্ত্রী ও তঁাদের সমমর্যাদার কোনো ব্যক্তি ও সংসদ সদস্যরা) ও কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনী এলাকায় প্রচার বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।’ আচরণবিধির উল্লিখিত ধারা যখনই সংযোজন করা হোক না কেন, আওয়ামী লীগ গত ১১ বছরেও তা সংশোধনের উদ্যোগ নেয়নি। এখন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আপত্তি তোলা অযৌক্তিক। যত দিন আইনে মন্ত্রী-সাংসদদের নির্বাচনী কাজে অংশ নেওয়ার ওপর বিধিনিষেধ আছে, তত দিন এটি সবাই মানতে বাধ্য।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত তাই আইনসিদ্ধ। সেই সঙ্গে এ কথাও বলা প্রয়োজন যে শুধু প্রচারকাজ বা নির্বাচন কার্যক্রম থেকে মন্ত্রী ও সাংসদদের বিরত রাখলেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না। নির্বাচনী প্রচার হলো পুরো নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ মাত্র। যেকোনো নির্বাচন সুষ্ঠু করতে হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কেন্দ্র যাতে কোনো জাল ভোট না হয়, সে জন্য প্রত্যেক প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট নিয়োগ করা হয়। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনসহ বেশির ভাগ স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা এজেন্ট নিয়োগ করতে পারেননি। কোথাও এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে, কোথাও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ব্যাপক কারচুপি ও জালিয়াতির মাধ্যমে ২০১৫ সালে ঢাকার দুই সিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল।
নির্বাচন কমিশন সেই আগের ভূমিকাই পালন করবে, না একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, সেটাই এখন দেখার বিষয়। দুঃখজনক বাস্তবতা হচ্ছে জাতীয় কিংবা স্থানীয় হোক, কোনো নির্বাচনেই বর্তমান নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা কার্যত শূন্যের কোঠায় এসে ঠেকেছে। এই নির্বাচনকে কমিশনের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, গাজীপুর, খুলনা বা বরিশাল সিটি করপোরেশনের পুনরাবৃত্তি দেখতে চান না। এটি শুধু তাঁর না চাওয়া নয়, গোটা জাতিরই চাওয়া।
বর্তমানে যাঁরা ক্ষমতায় ও যাঁরা বিরোধী দলে আছেন, সামরিক স্বৈরাচারের আমলে তাঁরা একজোট হয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। কিন্তু পরবর্তীকালে ক্ষমতাসীনেরা জোরজবরদস্তি করে জয়ী হতে গিয়ে নির্বাচনী ব্যবস্থাটিই ভেঙে দিয়েছেন। নির্বাচন মানে নিয়মরক্ষার ভোট বা গেজেট বিজ্ঞপ্তি দিয়ে কাউকে জয়ী বা পরাজিত ঘোষণা করা নয়। নির্বাচন হলো জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা।
৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হোক কমিশনের ঘুরে দাঁড়ানো এবং নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারের সূচনা।