সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোর খবর অনুযায়ী, চলতি এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহে চট্টগ্রামে দুবার ভারী বৃষ্টিপাত হয়। ৪ এপ্রিল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে অচল হয়ে পড়ে চট্টগ্রামের জনজীবন। ২১ এপ্রিল শুক্রবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টিতে নগরের কোথাও কোথাও হাঁটুসমান এবং কোথাও কোথাও কোমরসমান পানিতে তলিয়ে যায়। নগরের বিভিন্ন সড়ক, অলিগলি, কাঁচাবাজার, ঘরবাড়িতেও পানি ঢুকেছে শুক্রবার। পানির মধ্যে আটকা পড়ে শত শত যানবাহন। স্বাভাবিক বর্ষণে শহরটির বাসিন্দারা শুক্রবার যে পরিস্থিতির মুখোমুখি হলো, তাতে বোঝা যায় যে এখানকার ড্রেনেজ ব্যবস্থা কতটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এটা খুবই দুঃখজনক।

 আ জ ম নাছির উদ্দীন দুই বছর আগে চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নেন। তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নগরের জলাবদ্ধতা দূর করা। অথচ দীর্ঘ দুই বছরেও এ সমস্যা দূর হয়নি। যদিও জলাবদ্ধতা নিরসনে তিনি ইতিমধ্যে ২০ কোটি টাকা খরচ করেছেন। কিন্তু নালা-নর্দমা পরিষ্কার করা, নতুন নর্দমা তৈরি করা—এর মধ্যে সীমাবদ্ধ থেকেছে কার্যক্রম। জলাবদ্ধতা দূর করার জন্য সবচেয়ে আগে যা করা প্রয়োজন, নতুন করে খাল খনন করা—সেটাই করা হয়নি। এ ছাড়া জোয়ারের সময় বিভিন্ন খাল ও নদী থেকে আসা পানি শহরে প্রবেশ রুখতে স্লুইসগেট নির্মাণের কথা থাকলেও তা হয়নি।

এখন চট্টগ্রাম সিটি করপোরেশনকে এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। জনগণের দুর্ভোগ নিয়ে আর হেলাফেলার সুযোগ নেই। প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন চলতি বছর ১১ কোটি টাকার কাজ হাতে নিয়েছে। কিন্তু এই টাকা যেন যথাযথভাবে কাজে লাগানো হয়, তা দেখতে হবে। নর্দমা পরিষ্কার বা তৈরির পাশাপাশি জলাবদ্ধতা যাতে স্থায়ীভাবে দূর করা যায়, এমন পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।