রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত ঘোষণা করা একটা দিঘি ভরাট করা হচ্ছে। অভিযোগ উঠেছে, খোদ সিটি করপোরেশনের একজন কাউন্সিলর এ কাজে জড়িত। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ও চাইলে ভরাট করা যাবে না, এ-সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও, রাজশাহী সিটি করপোরেশন কিংবা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবস্থান দায়সারা গোছের।
রাজশাহী নগরীর সপুরা এলাকায় ৯ বিঘা আয়তনের জলাশয়টি স্থানীয় লোকজনের কাছে ‘শুকনা দিঘি’ বলে পরিচিত। এটিসহ শহরের ২২টি পুকুর ও দিঘি তালিকাভুক্ত করে সেসব জলাধার সংরক্ষণের জন্য সিটি করপোরেশন একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে রাতের আঁধারে শুকনা দিঘি বালু দিয়ে ভরাট চলছে। ইতিমধ্যে দিঘির ভেতরে প্রায় ১০ ফুট চওড়া ও ৩০ ফুট দীর্ঘ এলাকা ভরাট করে কলাগাছ লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে দিঘির মালিকানা দাবি করা এক ব্যক্তি ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সোবহান ওরফে লিটনসহ তিনজনের বিরুদ্ধে দিঘি দখলের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওই ব্যক্তির অভিযোগ, ভুয়া মালিকের কাছ থেকে দিঘির দেড় বিঘা জায়গা কিনে কাউন্সিলর ও তাঁর আত্মীয়রা দোকানঘর করেছেন। তবে কাউন্সিলর যথারীতি দিঘি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, বিভিন্ন লোক বিভিন্ন মালিকের কাছ থেকে দিঘির জমি কিনে ভরাট করার চেষ্টা করছেন।
রাজশাহী সিটি করপোরেশন জলাশয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েই দায় সারতে চাইছে। তারা বলছে, দিঘিটি দেখভাল করা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কাজ। অন্যদিকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বিষয়টি লিখিতভাবে জানানোর পর তারা ব্যবস্থা নেবে। পরিবেশ আইন-১৯৯৫ ও জলাধার সংরক্ষণ আইন-২০০০–এর বিধান অনুসারে, যেকোনো জলাশয় ভরাট নিষিদ্ধ। ২০২০ সালের অক্টোবর মাসে ব্যক্তিগত মালিকানাধীন পুকুরকেও প্রাকৃতিক জলাশয়ের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু এরপরও জলাশয় ভরাট ও দখল চলছেই।
নানা ধরনের উন্নয়ন প্রকল্প, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণের কারণে শহর এলাকায় পুকুর-দিঘির সংখ্যা একেবারে কমে এসেছে। এ ধরনের জলাশয় শুধু পরিবেশ রক্ষার জন্য জরুরি নয়, নগরকে জলাবদ্ধতার হাত থেকেও রক্ষা করে। শুকনা দিঘির মতো বিশালাকার দিঘিটি যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যতটা অংশ দখল হয়েছে, সেটা উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। রাজশাহী সিটি করপোরেশন সংরক্ষিত জলাশয়ের যে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে, সেটি দ্রুত পাস করতে হবে।