কোনো বিশেষণেই এমন নির্লজ্জ আচরণকে ব্যাখ্যা করা যায় না। কোনো ব্যাখ্যাও দিচ্ছে না সিটি করপোরেশন, কিন্তু অকাতরে বুড়িগঙ্গা নদী ও তুরাগ নদে মনুষ্যসৃষ্ট আর কারখানানির্গত বর্জ্য ফেলা হচ্ছে। অথচ মাত্র দেড় বছর আগে বহু ঢাকঢোল পিটিয়ে বুড়িগঙ্গার সবচেয়ে দূষিত তিন কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়েছিল। দেড় বছর পর পরিস্থিতি তথৈবচ। টন টন আবর্জনায় ভারাক্রান্ত ও দূষিত হয়ে পড়ছে বুড়িগঙ্গা।ঢাকার বাদামতলী থেকে নবাবগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গার তিন কিলোমিটার অংশের পানি বিষাক্ত কালো তরলে পরিণত হয়েছিল। মাছ তো দূরের কথা, কোনো ধরনের জলজ প্রাণী বা জীবের অস্তিত্ব সেখানে ছিল না। বছরের পর বছর ধরে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি এখানে ময়লা ফেলে এসেছে। দেদার বিষাক্ত শিল্পবর্জ্য ফেলে গেছে আশপাশের কারখানাগুলো। অবশেষে ২০১১ সালের জুন মাসে নদীর তিন কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়। এ কাজে ব্যয় হয় প্রায় ২১ কোটি টাকা। সে সময় অপসারণ করা মোট বর্জ্যের পরিমাণ ছিল ৮ দশমিক ০৮৭ লাখ ঘনমিটার। কাজটা বিপুল ছিল সন্দেহ নেই, কিন্তু এখন আবার বিপুল বিক্রমে সিটি করপোরেশনের গাড়ি ময়লা ফেলে যাচ্ছে।সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ দায়িত্বহীন হতে পারে, তাদের মধ্যে সমন্বয়হীনতা কতটা মারাত্মক হতে পারে, এ ঘটনা তার প্রমাণ। যুক্তি দেওয়া হবে, ময়লাবাহী গাড়িচালকেরা গোপনে এটা করছেন। ময়লা কোথায় ফেলার কথা আর কোথায় ফেলা হচ্ছে, তার তদারক কি থাকতে নেই? সবকিছু যদি চালকেরাই করবেন, তাহলে বড় বড় কর্মকর্তা আছেন কী করতে? গত সোমবার প্রথম আলোয় এই অপকর্মের সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা আশা করব, ভবিষ্যতে আর একটিবারের জন্যও বুড়িগঙ্গাকে আবর্জনার ভাগাড় বানানো যাবে না। কেবল তা-ই নয়, দোষী ব্যক্তিদের শাস্তিও দিতে হবে।ময়লা শোধন ও নিষ্কাশনের পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিক পদ্ধতি নিতে হবে। পানি-সংকটের এই যুগে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই নদীর প্রতি মমতা দেখাতে হবে। দূষণ চলবে, প্রতিকার চলবে না, এটা নিয়তি হতে পারে না।