আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির ইতিবাচক ভূমিকা পালনের যে আভাস পাওয়া গেল, তা স্বস্তিদায়ক। কারণ, স্থানীয় সরকারব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানগুলোর নির্বাচন সর্বোচ্চ মাত্রায় অংশগ্রহণভিত্তিক হওয়াই বাঞ্ছনীয়; এবং বিএনপি যেহেতু দেশের দুই বৃহত্তম রাজনৈতিক দলের একটি, তাই তাদের ‘ইতিবাচক ভূমিকা’ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
এর আগে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলেও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থী দিয়েছিল এবং সবকটিতেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এবার ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তারা প্রার্থী দিলে অনুরূপ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং অচিরেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতাল অব্যাহত থাকলে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে নিশ্চয়ই বিঘ্ন ঘটবে।
‘বিএনপির ইতিবাচক ভূমিকা থাকবে’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের চলমান আন্দোলনের রূপরেখায় পরিবর্তন আসতে পারে। স্পষ্ট অবস্থান জানা না গেলেও এর মধ্য দিয়ে বিএনপির ভিন্ন চিন্তা–ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। এ অবস্থায় অবরোধ কর্মসূচির আনুষ্ঠানিক অবসান ও আর হরতাল না দেওয়াই প্রত্যাশিত ছিল। কিন্তু হতাশাজনকভাবে আমরা দেখলাম যে বিএনপি আবারও আজ রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
এসব কর্মসূচির কারণে যে নিরাপত্তাহীনতার বোধ মানুষের মধ্যে কাজ করে, তা নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টির অন্তরায়। ককটেল-পেট্রলবোমাসহ নানা সহিংসতায় ইতিমধ্যে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে, অর্থনীতির ক্ষতিও হয়েছে বিরাট। এসবের অবসান ঘটানো একান্তই জরুরি।
যে লাগাতার কর্মসূচির চক্রে বিএনপি নিজেই নিজেকে আটকে রেখেছে, সিটি করপোরেশন নির্বাচনের সুবাদে তা থেকে দলটির বেরিয়ে আসার যে সুযোগ এসেছে, তাকে দ্রুত কাজে লাগানো জরুরি।