তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ প্রার্থী সেনা মোতায়েন চাইছিলেন। নির্বাচন কমিশন (ইসি) কিছুটা সময় নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে তা স্ববিরোধী ও শঠতাপূর্ণ। প্রথমে বলা হয়েছিল, সেনাবাহিনী স্ট্রাইকিং ও অতিরিক্ত (রিজার্ভ) বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। কিন্তু পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত থেকে সরে এসে বলা হয়, সেনাবাহিনী মাঠে থাকবে না তাঁরা সেনানিবাসের ভেতরে থাকবেন। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে তাঁরা সেনানিবাস থেকে বেরিয়ে এসে পরিস্থিতি মোকাবিলা করবেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তার ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বাধ্যবাধকতা নেই। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন হয়নি। তা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হয়েছিল। কিন্তু এবার নির্বাচনের আগে প্রায় তিন মাস একটানা অবরোধ, হরতালের সময় পেট্রলবোমা-ককটেল ও সহিংসতা ঘটেছে। ফলে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বৈরিতা, বিদ্বেষ আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে সেনা মোতায়েনের দাবিটি সামনে আসে।
নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা অর্জনের বিকল্প নেই। ইতিমধ্যে নির্বাচনী পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠেছে। পরিস্থিতি যাতে আরও নাজুক না হয়, সে জন্য ইসিকে প্রতিটি পদক্ষেপ নিতে হবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে।
সেনা মোতায়েন নিয়ে ইসির আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ভূমিকা হতে হবে স্বচ্ছ শতভাগ নিরপেক্ষ।
সবার প্রত্যাশা, রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনেরই।