রাজধানীতে বাস-মিনিবাসে চলাচলকারী মানুষের ওপর পরিবহনমালিকদের অন্যায়-অবৈধ জবরদস্তি বন্ধ করতে সরকারের অপারগতা থেকে প্রতীয়মান হচ্ছে, আমাদের সরকার যেন জনস্বার্থের চেয়ে মালিকদের স্বার্থ রক্ষা করতেই বেশি আগ্রহী। অন্ততপক্ষে এটা স্পষ্ট যে মালিকদের ইচ্ছামতো ভাড়া আদায় নিয়ে সম্প্রতি রাজধানীর গণপরিবহনে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়, তা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বছরের পর বছর ধরে তথাকথিত ‘সিটিং সার্ভিসের’ নামে বাড়তি ভাড়া আদায় চলে আসছে। সম্প্রতি মালিকেরাই তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু সিটিং সার্ভিসকে সাধারণ সার্ভিসে রূপান্তরিত করলেও তাঁরা ভাড়া কমালেন না। কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বাস-মিনিবাস বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে একধরনের নৈরাজ্য সৃষ্টি করলেন। সড়ক পরিবহন কর্তৃপক্ষ বেআইনি ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু করলে মালিক ও শ্রমিকেরা জোট বেঁধে জিম্মি করলেন যাত্রীদের। যাঁরা এই কৌশল নিয়েছেন, তাঁদের অনেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
রুট পারমিটের শর্ত অনুযায়ী কোনো কারণ ছাড়া ইচ্ছামতো বাস বন্ধ করা যায় না, করলে রুট পারমিট বাতিল হওয়ার কথা। অথচ সরকার সেই বিধান প্রয়োগ না করে মালিকদের চাপের কাছে নতি স্বীকার করল। বুধবার সিটিং সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করার মধ্য দিয়ে মালিকদের স্বার্থের প্রতিই পক্ষপাত দেখানো হলো। ওই বৈঠকেই ইঙ্গিত দেওয়া হয়েছে, সিটিং সার্ভিস আবারও পুরোপুরি ফিরিয়ে আনার কথা বিবেচনা করা হবে। প্রশ্ন হচ্ছে, তাহলে এই নাটক করে সাধারণ যাত্রীদের হয়রানি করা হলো কেন? অনেকের সন্দেহ, ‘সিটিং সার্ভিস’ নয় এমন সব বাস-মিনিবাসেরও ভাড়া বাড়ানোর দুরভিসন্ধি থেকে তথাকথিত সিটিং সার্ভিস বন্ধের কথা ঘোষণা করা হয়েছিল।
আমাদের রাজধানীর গণপরিবহনব্যবস্থা ভালো নয়। প্রতিদিন অজস্র মানুষকে বাস-মিনিবাসে গাদাগাদি করে চলাফেরা করতে হয়। পরিবহনসেবা বলে কোনো সেবার অস্তিত্ব এখানে নেই। উপরন্তু, যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করার অভিযোগ অনেক পুরোনো। তথাকথিত ‘সিটিং সার্ভিস’ বাড়তি ভাড়া আদায়েরই এক বিরাট কারসাজি। এই পরিস্থিতিতে সরকারকে অবশ্যই দৃঢ়তার সঙ্গে সবকিছু শৃঙ্খলার মধ্যে আনতে হবে। দূরত্বের হিসাবে ভাড়া নির্ধারণ করে নির্ধারিত ভাড়ার বেশি একটি পয়সাও আদায় করা হবে না, এটা নিশ্চিত করতে হবে। পরিবহনমালিকদের প্রভাব-প্রতিপত্তির কাছে সরকারের নমনীয় আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। যাত্রীসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।