মহল্লার বাজারে যে বেগুনের দাম দুই-তিন দিন আগেও ছিল ৪০ টাকা, সেই বেগুনের দাম রোজার আগের দিন ভোজবাজির মতো ৮০-১০০ টাকায় উঠে গেল। যে ছোলার দাম এক বছর আগে ছিল ৬০ টাকা, সেই ছোলার দাম মহল্লার বাজারে ৯০-১০৫ টাকা। বাজারে চিনির যথেষ্ট মজুত থাকারও পরও চিনির দাম রোজার আগেই বেড়েছে। আবার গত দুই-আড়াই মাস ধরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবেই বাড়ছে। ফলে এখন মনে হবে না, আপনি বেশি দাম দিয়ে কিনছেন। অথচ সেই সব পণ্যের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। এ সময়ে দেশে প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ হয়নি।
প্রতিবছর রোজার মাস এলেই এভাবে নিত্যপণ্যের দাম বাড়ে। বিশেষ করে, যেসব পণ্যের চাহিদা সবচেয়ে বেশি, সেই সব পণ্যের দামই বেশি বাড়ে। আমরা দেখে আসছি বিষয়টি জানার পরও সরকার এই প্রবণতা ঠেকাতে বছর বছর ব্যর্থ হয়ে আসছে। রোজার আগে সরবরাহকারীদের সঙ্গে সরকারের শীর্ষকর্তাদের দফায় দফায় বৈঠক কার্যত কোনো ফল দেয় না।
তবে সরকার যে দ্রব্যমূল্য মনিটর করতে অভিযান চালালে কাজ হয় তার প্রমাণ হচ্ছে ছোলার দাম কমে যাওয়া। সরকারি একটি সংস্থা শনিবার অভিযান চালালে ব্যবসায়ীরা ছোলার দাম কেজিতে পাঁচ টাকা কমিয়ে দিয়েছেন। ফলে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনার বিষয়টি সরকারের তরফে নিশ্চিত করা জরুরি।
বড় আমদানিকারকদের সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে থাকে। মুক্তবাজারে সরকার হস্তক্ষেপ করবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু বাজারের ওপর সরকারের নজর থাকতেই হবে। বাজারের অস্বাভাবিক কার্যক্রম তদারকি করার জন্য তাকে এটা করতে হবে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকাবে। সরকার এটা হতে দিতে পারে না। এই ব্যবসায়ীরা নিশ্চয়ই সরকারের চেয়ে শক্তিশালী নয়।
আরও পড়ুন: