বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ২৪৮/৬ ভূঁইয়াপাড়া, খিলগাঁওয়ের বাসিন্দা সীমা বানু সিমি আত্মহত্যা করার এক দশক পরও নিরাপত্তার জন্য তাঁর পরিবারের সদস্য তথা বৃদ্ধ বাবা-মায়ের আকুতি আমাদের সামাজিক অনাচার ও মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টিই প্রকট করে তোলে। যার যায় সে-ই বোঝে। সিমির বাবা-মা সন্তান হারানোর পাহাড়সম বেদনার ভার বইছেন ১০ বছর ধরে। তার পরও সেই দুর্বৃত্তরা, যারা সিমির আত্মহত্যার জন্য দায়ী, তারা প্রতিহিংসার নখর উঁচিয়ে আছে এই অসহায় পরিবারটির প্রতি। আসামিদের প্রতি নিম্ন আদালতের লঘু শাস্তিতে সন্তুষ্ট হতে না পেরে সিমির বাবা উচ্চ আদালতে আপিল করেছেন। এ কারণেই দুর্বৃত্তদের যত আক্রোশ পরিবারটির ওপর। মামলা করার কারণেই আসামিরা সিমির বাড়িতে বারবার হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুড়ে ভয়ভীতি দেখিয়েছে। আক্রমণের হাত থেকে রক্ষা পেতে যখন সিমির বাবা-মা জানালায় চটের বস্তা ঝুলিয়ে দেন, তখন দুর্বৃত্তরা তাতে আগুন লাগিয়ে দেয়। গত শুক্রবার বাড়ির বিদ্যুৎ লাইনে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত রোববার প্রথম আলোয় ‘কী আগুনে পুড়ছে সিমির পরিবার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর সিমিদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এই অবস্থা কত দিন থাকে বলা কঠিন। হামলাকারীদের চিহ্নিত করতে এবং তাদের ধরতে সিমিদের বাড়িতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কথা জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটি আত্মরক্ষার সাময়িক ব্যবস্থা হলেও আশ্বস্ত হওয়া যাচ্ছে না। আমরা আশা করব সিমির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে এবং তা সাময়িক হবে না। সবচেয়ে বড় কথা, যারা হামলা বা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।আমরা চাই, সিমিদের বাড়িতে হামলাকারীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সিমির আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিরা অবিলম্বে শাস্তি পাক। তাহলে, এই অসহায় পরিবারটিকে নিরাপত্তার জন্য থানা পুলিশের কাছে আর ধরনা দিতে হবে না।