দেশে মানুষ বাড়ছে, জমি বাড়ছে না। বর্ধিত জনসংখ্যার জন্য ঘরবাড়ি তৈরিতে জমি নষ্ট হচ্ছে। জমির দাম হুহু করে বেড়ে চলছে। এ অবস্থায় জমি রক্ষা করতে মানুষ বহুতল ভবন নির্মাণের দিকে ঝুঁকছে। দালান তৈরির অন্যতম উপাদান সিমেন্ট। রড, ইট, কংক্রিট ইত্যাদিকে সিমেন্টই জমাট বাঁধিয়ে আটকে রাখে। মানসম্মত সিমেন্ট না হলে জমাট বাঁধায় হেরফের হলে কাজের মান নিম্নমানের হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।সাভারে ভবনধসের পর দেখা যায়, কংক্রিটগুলো হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এতে স্পষ্ট বোঝা যায়, মানসম্মত সিমেন্ট ব্যবহার করা হয়নি। আমাদের দেশে অনেক ব্র্যান্ডের সিমেন্ট দেখা যায় এবং এগুলোর মূল্যেও দেখা যায় পার্থক্য। এমনকি একই কোম্পানির সিমেন্ট দুই ধরনের—একটি নরমাল, একটি স্পেশাল। কোম্পানি ভেদে প্রতি বস্তা সিমেন্টে ৫০-৬০ টাকা মূল্যের পার্থক্য রয়েছে। তাহলে কম মূল্যের সিমেন্ট কি মানসম্মত নয়? যদি মানসম্মত না হয়, তবে নিম্নমানের সিমেন্ট বাজারজাত করার অনুমোদন পায় কী করে? আর যদি মান ঠিক থাকে, তবে দামে এত পার্থক্য করে ক্রেতা থেকে বেশি মূল্য নেওয়া হচ্ছে কেন?দেশে সিমেন্টসহ নির্মাণসামগ্রীর মান ও মূল্য যথাযথভাবে নিয়ন্ত্রণ করা আবশ্যক। ভবন তৈরি বিধিমালা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো, মফস্বলে ভবন নির্মাণে ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রকৌশলীর সহযোগিতার মাধ্যমে নিরাপদ ভবন তৈরিতে সহায়তা করতে কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা কামনা করছি।মো. ইয়াছিন মজুমদারলাকসাম, কুমিল্লা।