সিরাজগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন তাঁর মা। এই ‘অপরাধে’ তাঁকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও।
নিহত খুশি বেগমের মেয়েকে উত্ত্যক্ত করতেন তাঁদেরই পাশের বাড়ির আবু হানেফ আলী নামে ৪০ বছর বয়সী প্রভাবশালী ব্যক্তি। বিভিন্ন সময়ে তিনি ১৮ বছর বয়সী মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করেছেন। গ্রামের মুরব্বিদের বিষয়টি জানানো হলেও কোনো বিহিত না হওয়ায় মেয়েটির মা হানেফ আলীর বাড়িতে যান অভিযোগ জানাতে। এ নিয়ে হানেফ আলীর স্ত্রী ও বোনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাঁরা খুশি বেগমকে পিটিয়ে মেরে ফেলেন বলে খবরে বলা হয়।
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যাদেশে নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই মাসে ৩৬৮ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি। গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন ১০ জন। মহিলা পরিষদ এসব তথ্য নিয়েছে বিভিন্ন সংবাদপত্র থেকে।
সিরাজগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে যে মা খুন হলেন, আমরা তাঁকে ফিরে পাব না। কিন্তু যে অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন, সেই অন্যায় যদি রহিত করা যায় এবং অপরাধীরা শাস্তি পায়, তাহলে তাঁর পরিবার কিছুটা সান্ত্বনা খুঁজে পাবে।
আইনের যথাযথ প্রয়োগ ও সকল পর্যায়ের নারী নির্যাতনের ঘটনায় অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই সমাজে এ ধরনের ঘটনার হার কমানো যেতে পারে। খুশি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই নারীসহ তিনজন আটক হয়েছেন। উত্ত্যক্তকারী হিসেবে অভিযুক্ত হানেফ আলীই ঘটনার মূল হোতা। অবিলম্বে তাঁকে গ্রেপ্তা্র করে সব অপরাধীকে বিচারের মুখোমুখি করা হোক। মা হারানো দরিদ্র মেয়েটি ও তাঁর পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারেরই।