সমুদ্রপথে মর্মান্তিক প্রবাসযাত্রার পরে এখন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নারী পাচারের ঘটনা সংবাদ হচ্ছে। গত বছরের ৫ নভেম্বর এ বিষয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর টনক তাতে নড়েনি। গতকাল মঙ্গলবার আবার প্রকাশ পেয়েছে পাচার হওয়া নারীদের আকুতি। বিষয়টি জরুরি এবং জরুরি পদক্ষেপই এখানে কাম্য।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরির কথা বলা হলেও কার্যত এঁদের বিক্রি করে দেওয়া হয়েছে। বিশেষ করে সিরিয়ায় পাচারকৃতদের অবস্থা খুবই করুণ। পররাষ্ট্র মন্ত্রণালয় এ রকম ৭৯ জনের বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দিয়েছে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, তারা কোনো তালিকা পায়নি এবং ফিরিয়ে আনার দায়িত্বও তাদের নয়। অথচ এই নারীদের কাছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দেওয়া স্মার্ট কার্ড রয়েছে। পাশাপাশি র্যাবও পাচারে জড়িত বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তা ও দালালকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও তাঁরা জামিন পেয়ে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে ওয়াকিবহাল। অথচ ফিরিয়ে আনার বেলায় কারোরই যেন দায় নেই!
সিরিয়ায় পাচার হওয়া নারীরা দেশে ফিরতে চান সরকার প্রবাসে কর্মসংস্থানে উৎসাহ দেবে, রেমিট্যান্স থেকে লাভবান হবে কিন্তু আটকে পড়া নাগরিক, বিশেষত নিষ্ঠুর পরিস্থিতিতে পড়া নারীদের ফিরিয়ে আনায় গড়িমসি করবে, এটা মানা যায় না। তা ছাড়া, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩ আইনে মানব পাচারকে জামিন অযোগ্য অপরাধ বলা হলেও কীভাবে পাচারকারী চক্র জামিন পায়? এই আইনে দুর্বলতাও রয়েছে বলে অভিযোগ।
দেশে কর্মসংস্থানের সংকটেরই প্রতিফলন হলো যেকোনো উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা। এরই সুযোগ নেয় আদম ব্যবসায়ী, তাদের দালাল ও আন্তর্জাতিক পাচার চক্র। এটা করতে হলে আন্তরাষ্ট্রীয় যৌথ কমিশন গঠন করতে হবে এবং জাতিসংঘের সহায়তা নিতে হবে। দীর্ঘ মেয়াদে জলবায়ু-দুর্গত ও পিছিয়ে পড়া অঞ্চলে কর্মবিকাশ ও প্রশিক্ষণকেন্দ্র গড়তে হবে। উঁচু মানের প্রশিক্ষণ পেলে নিম্নপর্যায়ের কাজে বিরূপ পরিবেশে তাঁদের আর যেতে হবে না।