টিলাধসের কারণে সিলেট ও এর আশপাশের জেলাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টিলা ধসে পড়ায় কুলাউড়া উপজেলা থেকে সিলেট যাওয়ার সড়কে সাত দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। টিলাধসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বন বিভাগ মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে। জলপ্রপাতে যাওয়ার সড়কের পাশের টিলায় ফাটলের সৃষ্টি হওয়ায় টিলাটি পুরোপুরি ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে পর্যটনকেন্দ্রটিও হয়তো রক্ষা পাবে না।
সিলেট সদর উপজেলা প্রশাসন নগরের আখালিয়াসহ আশপাশের ৪টি টিলা এলাকায় ২২টি ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করেছে। প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে প্রশাসন এ উদ্যোগ নেয়। যারা টিলা কেটে পরিবেশ ধ্বংস করে বাসাবাড়ি তৈরি করেছে বা করছে, তাদের তালিকা করছে সদর উপজেলা প্রশাসন। তবে শুধু ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করলেই হবে না। এসব বসতি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নিতে হবে।
মানুষের প্রাণহানি ঘটার আগেই তার প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত। সিলেট সদর উপজেলা প্রশাসনকে অনুসরণ করে পাহাড় ও টিলা-অধ্যুষিত প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের এভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত। আমরা দেখেছি, চট্টগ্রাম অঞ্চলে কীভাবে পাহাড়ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
কিছু স্বার্থান্বেষী মানুষের অবিবেচনাপ্রসূত কাজের কারণে এই পাহাড়ধস আর এত প্রাণহানি। সিলেট অঞ্চলও এর ব্যতিক্রম নয়। নির্বিচারে এখানে পাহাড় ও টিলা কাটা চলছে। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন উভয় ধরনের টিলা কেটে তৈরি করা হচ্ছে বাড়ি ও রিসোর্ট। বালুর বিকল্প হিসেবে টিলার মাটি আবাসিক স্থাপনা তৈরির কাজে বিক্রি করা হচ্ছে। এসব অবশ্যই বন্ধ করা দরকার। টিলা-পাহাড় যারা কাটছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টিলা-পাহাড় সংরক্ষণ করতে হবে, নইল ধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকানো যাবে না। একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।