সিলেট জেলা প্রশাসনের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরের মার বড় গলা বলে একটি বাংলা প্রবাদ আছে। কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ঘুষখোর’ কর্মচারীরা বৃহস্পতিবার কেবল বড় গলায় কথা বলেননি, তাঁরা ‘চোর’ ধরতে আসা দুদক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন।
প্রথম আলোর খবরে জানা যায়, সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বাণিজ্য শাখার এক ‘ঘুষখোর’ কর্মচারীকে বমাল ধরতে এসে উপপরিচালকের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট-এর একটি দল প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিল। এ সময় উৎকোচের দায়ে আটক কর্মচারীকে ছাড়িয়ে নিতে জেলা প্রশাসকের কর্মচারীরা দুদকের কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং মারধর করেন। পরে মহানগর পুলিশের কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ গিয়ে দুদকের দলটিকে মুক্ত করে নিয়ে আসে। এ ব্যাপারে মামলাও হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে জেলা প্রশাসকের কাছে নোটিশ পাঠানো ব্যক্তিও আছেন। তাই দুদকের দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে বৃহস্পতিবারের ঘটনার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের ভূমিকাও রহস্যজনক। তিনি দুদকের হাতে আটক হওয়া কর্মচারী স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন। কিন্তু সেই কর্মচারীকে যে দুদক কর্মকর্তারা ঘুষের টাকাসহ ধরেছেন, সে কথা চেপে গেছেন। জেলা প্রশাসকের উপস্থিতিতে কী করে কর্মচারীরা দুদক প্রতিনিধিদলকে অবরুদ্ধ করেন? জেলা প্রশাসকের কাছে দুদক আয়-ব্যয়ের হিসাব চাওয়ার পর তাঁর সময় প্রার্থনারও কারণ জানা যায় না।
উৎকোচ গ্রহণকারী কর্মী অসুস্থ হলে তাঁর চিকিৎসা করা হবে। কিন্তু তাঁকে উৎকোচ নেওয়ার দায় থেকে বাঁচানোর সুযোগ আছে বলে মনে হয় না।
পুরো ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক। দুদকের কাজে যাঁরা বাধা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে জেলা প্রশাসক ও ইউএনওর বিরুদ্ধে আনা অভিযোগেরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। দুর্নীতি দমন কমিশন যখন নড়েচড়ে উঠেছে, তখনই স্বার্থান্বেষী মহল থেকে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে।