স্বল্পমেয়াদি লাভের তাড়নায় প্রকৃতির শর্তকে অগ্রাহ্য করে উপযুক্ত পরিকাঠামো ছাড়াই দেশজুড়ে নগরায়ণ চলছে। খাল, বিল, পুকুর, দিঘি ভরাট করে, ভূগর্ভের পানি নিঃশেষ করে নাগরিক মানুষ ‘উন্নততর’ জীবনযাপন করছে। কিন্তু প্রকৃতির প্রতিশোধ যে কতখানি ভয়ংকর হতে পারে, তা তারা আমলে আনতে রাজি নই। শহরাঞ্চলের মানুষের জন্য শহরের ভেতরকার পুকুর, দিঘি বা অন্য সব জলাশয় আশীর্বাদের মতো। কিন্তু ওই যে স্বল্পমেয়াদি লাভের তাড়না! সেটিই শহরগুলোর সব পুকুর ও জলাশয়কে গলা টিপে হত্যা করছে। এ দিক থেকে সিলেট শহর হয়তো শীর্ষস্থানে রয়েছে। শহরটিতে একের পর এক বিখ্যাত-অখ্যাত, সব ধরনের দিঘি ভরাট করে সেখানে স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
কূটাভাস হলো এই, সাগরদিঘির পাড়, লালদিঘির পাড়, রামের দিঘির পাড়, চারাদিঘির পাড়, মাছুদিঘির পাড়—এগুলো সিলেট নগরের একেকটি এলাকার নাম হলেও সেখানে এই সব নামে বাস্তবে কোনো দিঘির অস্তিত্ব নেই। তবে একসময় ছিল। গত চার দশকে দিঘি, জলাশয় হারিয়ে আস্তে আস্তে বদলে গেছে সিলেট শহর। পানি ধরে রাখার ও পানি সরে যাওয়ার প্রাকৃতিক ব্যবস্থা নষ্ট করে ফেলায় বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা।
পরিতাপের বিষয়, সাধারণ মানুষ পুকুর–দিঘি ভরাট তো করছেই, যে সিটি করপোরেশন পুকুর ভরাটে বাধা দেবে, দৃশ্যত তারাই এতে যোগ দিচ্ছে। ব্যক্তিমানুষের পাশাপাশি সিটি করপোরেশন কর্তৃপক্ষ পুকুর-দিঘি নিশ্চিহ্ন করতে সহায়তা করছে।
কাজীটুলা এলাকার কাজী দিঘির চারপাশে ৮ থেকে ১০ ফুট করে মাটি ভরাট করেছে সিটি কর্তৃপক্ষ। ধোপাদিঘির পাড় ঘেঁষে সিটি করপোরেশন ১০ তলা বাণিজ্যিক ভবনসহ কিছু প্রকল্পের কাজ করছে। সেখানেও দিঘি ভরাটের ঘটনা ঘটেছে।
নগরের মজুমদার দিঘির প্রায় অর্ধেক ভরাট করে ফেলা হয়েছে। বাকি অংশ এখন পানিহীন, পরিত্যক্ত। গত জানুয়ারি মাসে সোনারপাড়া জামে মসজিদের পুকুরটি ভরাট করে সিটি করপোরেশন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগের হিসাব অনুযায়ী, নগরে পুকুর, দিঘি, খালসহ মোট জলাভূমির পরিমাণ ৫৪৮ দশমিক ৮ হেক্টর। যেসব পুকুর-দিঘি এখনো টিকে আছে, সেসবও আংশিক ভরাটের ফলে ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। প্রকাশ্যে জলাধার ভরাট করা হলেও তা রোধ করছে না কেউ।
এ জলাধারগুলো না বাঁচাতে পারলে সিলেট শহর ঝুঁকিতে পড়ে যাবে। পুকুর-দিঘি ভরাট ঠেকাতে চাই ইচ্ছাশক্তি। পুনরুদ্ধারের জন্য চাই সাহস। যেসব পুকুর-দিঘি অর্ধেক ভরাট হয়েছে বা ভরাট হয়ে যাচ্ছে, সেগুলো এখনই পুনরুদ্ধার করে সংরক্ষণ করতে হবে।