সিলেটে মশার উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির অন্য অনেক দায়িত্বের মধ্যে একটি হচ্ছে মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করা। কিন্তু সিলেট সিটি করপোরেশন মনে হয় তাদের এই দায়িত্বের কথাটি ভুলে গেছে। তা না হলে মশার কামড়ে সিলেটের নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়লেও মশা নিধন করে জনদুর্ভোগ কমানোর ব্যাপারে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই কেন? কখন টনক নড়বে এই নগর কর্তৃপক্ষের?

গত রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, মশার উপদ্রব মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছালেও নগরের মশা নিধনে এক বছর ধরে সিটি করপোরেশনের কোনো কার্যক্রম নেই। ছিটানো হচ্ছে না মশার ওষুধ। নগরের অনেক স্থানে বর্জ্যের স্তূপ জমেছে। নালা-নর্দমাগুলো আবর্জনায় পরিপূর্ণ। বর্জ্য না সরানোয় ও ওষুধ না ছিটানোয় মশারা নির্বিঘ্নে বংশবিস্তার ঘটিয়ে চলেছে। ফুটপাত থেকে বাসাবাড়ি—নগরের সব জায়গায় এখন মশার উপদ্রব। ঘরে কয়েল জ্বালিয়ে ও মশা মারার ওষুধ স্প্রে করেও রেহাই মিলছে না। শিক্ষার্থীরা মশার যন্ত্রণায় ঠিকমতো পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। সিটি করপোরেশন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওষুধ না থাকায় এত দিন অভিযান বন্ধ ছিল। সম্প্রতি ওষুধ কেনা হয়েছে। শিগগির অভিযান শুরু হবে।

প্রশ্ন হচ্ছে, কেন এত দিন ওষুধ ছিল না। এক বছর ধরে মশার ওষুধ নেই—এটা কি কেউ জানে না? এটা তো নগর কর্তৃপক্ষের সুস্পষ্ট গাফিলতি। এই গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মশা একটি ক্ষুদ্র প্রাণী হলেও এটি ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বেশ কয়েকটি মারাত্মক রোগের জীবাণু বহন করে। ডেঙ্গুতে আমাদের দেশে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কয়েক বছর ধরে চিকুনগুনিয়ার উৎপাত রীতিমতো এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। মশা নিধন না করার ফলে সিলেট নগরীর বাসিন্দাদের মধ্যে এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে সিলেট সিটি করপোরেশনকে এখনই তৎপর হতে হবে।

প্রথম আলোর খবর অনুযায়ী, চলতি বছর মশা নিধনের জন্য ওষুধ কেনা বাবদ এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সিলেট সিটি করপোরেশনকে। এই বরাদ্দ থেকে গত ২১ মার্চ প্রথম দফায় ৩০ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। আমরা চাই সিটি করপোরেশন এই ওষুধের যথাযথ ব্যবহার করুক। ওষুধ ছিটানোর জন্য প্রয়োজনীয়সংখ্যক ফগার মেশিন কেনা হোক। প্রয়োজনে লোকবল নিয়োগ করতে হবে। বর্ষায় মশার উপদ্রব চরমে ওঠে। তাই বর্ষা শুরুর আগেই মশা নিধনে নামতে হবে। নগরীর ড্রেনেজব্যবস্থার উন্নতি করতে হবে। ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করতে হবে। নগরবাসীকে স্বস্তিতে রাখার দায়িত্বটা তাদের আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।