সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার পাশাপাশি রোগটি শনাক্ত করার প্রয়াসে যখন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে, তখন ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা প্রাথমিকভাবে একটা বিষয় নিশ্চিত করেছেন; তা হলো ওই শিশুদের মারাত্মক অপুষ্টি। দীর্ঘদিন ধরে প্রকট অপুষ্টিতে ভোগার ফলে তাদের রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। তাই যে ‘অজ্ঞাত রোগ’ তাদের আক্রান্ত করেছে, তার ধকল তারা সইতে পারেনি।

সোনাইছড়ির ওই ত্রিপুরাপাড়ার ৬৫ পরিবারের অধিকাংশ শিশুই আক্রান্ত হয়েছে। তাদের সর্বোচ্চ বয়স ১৫-১৬ বছর। যে ৯ শিশু মারা গেছে, তাদের বয়স ছিল ২ থেকে ১২ বছর পর্যন্ত। রোগটির উপসর্গের মধ্যে আছে জ্বর, কাশি, বমি, শরীরে লালচে গোটা ইত্যাদি। লক্ষণীয় বিষয়, কোনো পূর্ণবয়স্ক মানুষ এ রোগে আক্রান্ত হননি। তাই অনুমান করা যেতে পারে যে রোগটি জীবাণুঘটিত হয়ে থাকলে সেই জীবাণু শুধু শিশুদের শরীরেই সংক্রমিত হয়। দুর্ভাগ্যক্রমে মারা যাওয়া ৯ শিশুর শরীরে সেই সংক্রমণ ঠেকানোর মতো যথেষ্ট রোগ প্রতিরোধক্ষমতা ছিল না।

কিন্তু যথাসময়ে হাসপাতালে ভর্তি করানো হলে তাদের জীবন রক্ষা করা সম্ভব ছিল। সেটা যে করা হয়নি, তা–ও এক বড় ট্র্যাজেডি। ত্রিপুরা উপজাতির ওই মানুষগুলো এবং তাদের শিশুরা শুধু দারিদ্র্য ও অপুষ্টির শিকারই নয়, গভীর কুসংস্কারে আচ্ছন্ন। তারা অসুস্থ হলে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে যায় না, ঝাড়ফুঁক ও তাবিজকবচের আশ্রয় নেয়। সুতরাং এই জনগোষ্ঠীর প্রকট দারিদ্র্য ও গভীর কুসংস্কার দূর করার উদ্যোগ নিতে হবে।