সীমান্ত ও তিস্তা দুই সমস্যারই সমাধান হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে অনুষ্ঠিত অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন প্রত্যাশা পূরণ না করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে কিছুটা আশার আলো দেখা দিয়েছে। দুই প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসকে এ অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা মোকাবিলায় একযোগে কাজ করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তাতে সব শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনা প্রমাণ করে যে জঙ্গিবাদীরা ভৌগোলিক সীমানা মানে না। এই অপশক্তিকে সমূলে উৎপাটন করতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। বৈঠকে দুই প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিষয়ে যে তথ্যবিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন, তা কেবল জরুরি নয়, অপরিহার্যও।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, হাসিনা-মোদি বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পথে এক ধাপ অগ্রগতি হয়েছে। আগামী ২২ ডিসেম্বর ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার আগে সীমান্ত চুক্তি অনুমোদন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসেম্বরে ঢাকা সফরে আসার ইঙ্গিত উৎসাহব্যঞ্জক। তিস্তার ব্যাপারেও জোর চেষ্টা চলছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত দিন আপত্তি জানালেও এখন সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়ে সুর নরম করেছেন। সম্প্রতি বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায়ও তাঁর ইতিবাচক মনোভাব লক্ষ করা গেছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্রুতি দিয়েও তিস্তার পানিবণ্টন ও সীমান্ত চুক্তি অনুমোদন করতে পারেননি তাঁর বিরোধিতার কারণে। সীমান্ত চুক্তির বিষয়ে সেই বিরোধিতার অবসান ঘটতে যাচ্ছে বলে প্রতীয়মান হয়। ইতিমধ্যে লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটি সর্বসম্মতভাবে এ-সংক্রান্ত বিলটি অনুমোদনের পক্ষে মত দিয়েছে।
সমস্যা জিইয়ে রাখলে দ্বিপক্ষীয় সম্পর্ক বেশি দূর এগোতে পারে না। অতএব, শীতকালীন অধিবেশনে সীমান্ত চুক্তিটি ভারতীয় সংসদে অনুমোদন লাভ করবে— সেটাই বাংলাদেশের প্রত্যাশা। একই সঙ্গে তিস্তার বিষয়ে মোদির জোর চেষ্টা সফল হওয়াই বাঞ্ছনীয়।