বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তরোত্তর সম্পর্ক ভালো হওয়ার পরও দুই দেশের সীমান্তকে রক্তপাতমুক্ত করার প্রচেষ্টা যখন সফল হচ্ছিল না, তখন আমরা সতর্কতার সঙ্গে একটি নতুন অগ্রগতি লক্ষ করি। এখন থেকে সীমান্ত হত্যাকাণ্ড ঘটলে তার যৌথ তদন্ত হবে। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী প্রথমবারের মতো এ ধরনের একটি সমঝোতায় পৌঁছাল।
যদিও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, ২০০৮ সালে বর্তমান সরকারের ক্ষমতারোহণের পরে ভারত সরকার ও বিএসএফ বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছিল যে, সীমান্তে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র ব্যবহার করা হবে, যাতে হতাহত ব্যক্তিদের সংখ্যা কমানো সম্ভব হয়। সুতরাং, এখন আমরা আশ্বস্ত হতে চাই যে যৌথ তদন্ত কমিটি গঠনের অর্থ অবশ্যই এই নয়, বিএসএফ তার আগের অবস্থান ও অঙ্গীকার থেকে সরতে চাইছে। যৌথ তদন্তের সাফল্য বহুলাংশে ও প্রধানত বিএসএফ পক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করবে। ফেলানী হত্যাকাণ্ডের সুবিচার তার পরিবার পায়নি। সংবাদ সম্মেলনে বিএসএফ–প্রধান গুলি বন্ধের প্রসঙ্গ এড়াতে বিএসএফের ওপর চোরাচালানিদের ৩৬৭ হামলার পরিসংখ্যান তুলে ধরেছেন। কিন্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তো গ্রহণযোগ্য নয়।
সীমান্তে হত্যার যৌথ তদন্ত করবে বিজিবি-বিএসএফ বিএসএফের ওপর উল্লেখযোগ্যসংখ্যক হামলা সন্দেহাতীতভাবে উদ্বেগজনক এবং এ ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় উদ্যোগ ও ভূমিকা পালন করতে হবে। কিন্তু আমরা বেদনার সঙ্গে লক্ষ করি, ফেলানীর মতো নিরস্ত্র ‘অবৈধ চলাচলকারী’র ওপর গুলিবর্ষণে বিএসএফ অব্যাহতভাবে অসতর্ক। চুয়াডাঙ্গায় আমপাড়ার সময় সম্প্রতি স্কুলছাত্র হত্যাকাণ্ডের কোনো সদুত্তর মেলেনি। আমরা আশা করব, এই ধারা অবশ্যই বন্ধ হতে হবে। বাংলা-ভারত সীমান্ত হবে মৈত্রীর সীমান্ত।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দ্রুত যোগাযোগ ও সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এটা ইতিবাচক। কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে যখন সুসম্পর্ক ও মৈত্রীর সুবাতাস বইছে, তখন তার প্রতিফলন সীমান্তে না ঘটার বিষয়টি চরম দুর্ভাগ্যজনক।