সীমান্তে আরও একটি মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, বিএসএফের কোচবিহারের বত্তুরবাড়ি ক্যাম্পের ১৪-১৫ জন জওয়ান বাংলাদেশের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি করলে পাঁচজন আহত হন, পরে তঁাদের একজন মারা যান। তঁারা সেখান থেকে চারটি গরুও নিয়ে যান। বিএসএফ বলছে, গরুগুলো ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে তাদের কাছে নির্দিষ্ট তথ্য–প্রমাণ থাকলে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তা চাইল না কেন?

ঘটনার পর শুক্রবার দুর্গাপুর ইউনিয়নের বিপরীতে সীমানা পিলার ৯২৪ এলাকায় বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের কর্মকর্তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সংশয়মুক্ত হওয়া যাচ্ছে না। এর আগেও বহু নিরীহ বাংলাদেশি সীমান্তে বিএসএফের হাতে হতাহত হয়েছেন। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত আগস্টে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক হয়, তাতে সীমান্তে নিরীহ মানুষের ওপর গুলি না চালানো এবং চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১১ সালের ৩০ জুলাই ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সীমান্তে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। এরপর ২০১২ সালে ঢাকায় বিএসএফ ও বিজিবির বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার কথা বলা হয়েছিল। কিন্তু এসব সিদ্ধান্ত-প্রতিশ্রুতি যে কাজে আসেনি, সীমান্তে বিএসএফের বেপরোয়া আচরণই তার প্রমাণ। দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের স্বার্থেই এটি বন্ধ হওয়া প্রয়োজন।