বাংলাদেশ যে ‘উন্নয়নের মহাসড়কে’ আছে, তার একটি ‘জ্বলন্ত প্রমাণ’ সম্ভবত সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের স্ফীতি। গত বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে বাংলাদেশ থেকে সুইস ব্যাংকগুলোয় রাখা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ বা ৫ হাজার ৬৮৫ কোটি টাকা। যেখানে এক বছরের ব্যবধানে ভারতসহ অনেক দেশের অর্থ জমার পরিমাণ কমেছে, সেখানে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়েছে ১০ দশমিক ৫১ শতাংশ।
সুইস ব্যাংকগুলো গ্রাহকের তথ্যের বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখে বলেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ অর্থের বড় অংশ সেখানে রাখা হয়। সব না হলেও সুইস ব্যাংকে গচ্ছিত অধিকাংশ অর্থ যে পাচার হওয়া, সে বিষয়ে সংশয় নেই। তা ছাড়া, কেন্দ্রীয় সুইস ব্যাংক বার্ষিক ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে বলে আমরা তা জানতে পারি। কিন্তু িসঙ্গাপুর এবং ক্যারিবীয় অঞ্চলের রাজ্যগুলোতে কর রেয়াত দেওয়া ব্যাংকগুলোতে কত অর্থ পাচার হয়েছে, তা অজানাই থেকে যাচ্ছে। বড় ব্যবসায়ীদের পাশাপাশি অনেক দেশের রাজনীতিকেরা সেখানে অর্থ জমা রাখেন বলে নানা সূত্রে জানা গেছে।
প্রতিবার যেমন হয়ে থাকে, সুইস ব্যাংকের প্রতিবেদন প্রকাশের পর পাচারের দায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির মধ্যে বাহাস শুরু হয়ে গেছে। বিএনপির মুখপাত্র বলেছেন, ক্ষমতাসীন দলের নেতারাই এই অর্থ পাচার করেছেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, পাচারের রেকর্ড বিএনপির আছে, আওয়ামী লীগের নয়।
অর্থ পাচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক দোষারোপ সমাধান নয়। বিএনপির পাচারের রেকর্ড আছে বললেও ক্ষমতাসীনদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বিএনপির আমলে পাচার হওয়া অর্থের দায় যদি বিএনপি নেতাদের ওপর পড়ে, তাহলে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থের দায়ও ক্ষমতাসীনদের নিতে হবে। বিএনপির আমলে পাচার হওয়া অর্থ সরকার ফিরিয়ে এনে অপরাধীদের শাস্তি দেওয়ার কৃতিত্ব দাবি করে, যদিও তা ভগ্নাংশমাত্র। কিন্তু গত সাড়ে আট বছর যে আরও বেশি পরিমাণ অর্থ পাচার হলো, তার জবাব কী? বিদেশের অনুসন্ধানী সাংবাদিকেরা কয়েক বছর আগে এক প্রতিবেদনে বর্তমানের ক্ষমতাসীন দলের একজন নেতাসহ কয়েকজনের বিদেশে অর্থ গচ্ছিত রাখার তথ্য প্রকাশ করেছিলেন, সে বিষয়ে কোনো তদন্ত এখনো হয়নি। কর্তৃপক্ষের উচিত হবে অবিলম্বে সেই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করা।