যুক্তরাজ্যের একটি বেসরকারি সংস্থা, নিউ ইকোনমিকস ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিশ্বের সুখী দেশগুলোর বার্ষিক একটি তালিকা প্রকাশ করে আসছে। তাদের ২০১২ সালের তালিকায় ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। প্রথম আলো এই সংবাদের গুরুত্ব বিবেচনা করে ৭ অক্টোবর প্রথম পৃষ্ঠার প্রথম কলামে এটি ছেপেছে। শিরোনামটি পড়তে গিয়ে আমার (অনভ্যস্ত) চোখ পড়েছিল ১১১তম। যদি সুখ বলতে আমরা শ্রী জ্ঞানেন্দ্রমোহন দাস মহাশয়ের অভিধানে দেওয়া সংজ্ঞা অনুযায়ী ‘স্বাচ্ছন্দ্য, আনন্দ, প্রীতি, স্ফূর্তি, প্রফুল্লতা’ ইত্যাদি এবং সুখী বলতে ‘সন্তুষ্ট, সুখভাগী, প্রীতিমান’ বুঝি, তা হলে ১১১তম স্থানও তো অনেক উঁচুর দিকের হওয়ার কথা। বাংলাদেশের রাস্তাঘাটে পা ফেললে যাদের চোখে পড়ে, তাদের প্রীতিমান মনে হওয়ার সামান্যই কারণ আছে; এর বাতাসে কান পাতলে যে শব্দ ভেসে আসে, তাকে সুখভাগীর আনন্দ-নিঃশ্বাস ভেবে নেওয়ারও কারণ সামান্যই। এই সামান্য কারণ—যা একটি দেশের সুখভাগ্য নির্ধারণের কোনো সূচক যে হতে পারে না, তেমনটি সব জরিপবিশারদই নিশ্চয় স্বীকার করবেন। হয়তো এ দেশের মানুষের দুঃখ ভুলে থাকার এক বিরল ক্ষমতা। এই বিরল ক্ষমতার একটি মহাকাব্যিক প্রকাশ ঘটিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে লাগে/ তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।’এ দেশের কিছু মানুষকে ঠাকুর নিশ্চয় চরম দুঃখ-কষ্টেও সূর্য-চন্দ্র-তারাকে হাসতে দেখে নিজেদের দুঃখ নিবারণ করতে দেখেছেন, কিন্তু দুঃখ ভুলে থাকার চেষ্টা এবং সুখী হয়ে যাওয়া তো এক নয়। চোখের সামনে বাড়িঘর, উপাসনালয়, যুগ যুগের সঞ্চিত ধর্মীয় নিদর্শন পুড়ে ছাই হতে দেখা মানুষের চোখে মধুপূর্ণিমার রাতের চাঁদ কি হাসে? তুচ্ছ রাজনৈতিক কারণে খুন হয়ে যাওয়া একমাত্র ছেলের লাশ দেখে মা যখন আকাশে তাকান অদৃশ্যে বসা কারও কাছ থেকে কোনো একটা প্রশ্নের উত্তরের জন্য, তখন কি তিনি সূর্যকে হাসতে দেখেন? অথবা নিজের শোবার ঘরে দুর্বৃত্তের ছুরির আঘাতে মৃত স্বামীর রক্তে ভেসে যেতে থাকা লাশ দেখে যখন আকুল কান্নায় ভেঙে পড়েন কোনো স্ত্রী, জানালা দিয়ে আকাশের কোনো তারার দিকে কি তাঁর চোখ পড়ে এবং পড়লেও তিনি দেখেন ওই তারাটি হাসছে? মৃত্যু এবং দুঃখ এ দেশের মানুষের নিত্যসঙ্গী, ইতিহাসের সেই আদিকাল থেকে। একসময় এবং খুব দূর অতীতেও নয়, গ্রামের পর গ্রাম উজাড় হতো ওলা ওঠায়, শিশুরা দলে দলে মারা যেত ডায়রিয়ায়। এখন এসব গণঘাতক ব্যাধিকে আমরা নিয়ন্ত্রণ করেছি। কিন্তু এখন প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যায় সড়কে-মহাসড়কে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, এক শ রকম অপঘাতে। আগে ক্ষয়রোগে ধুঁকে ধুঁকে প্রাণ যেত হাজার হাজার মানুষের, যাঁরা সাধারণত হতেন চল্লিশ বা পঞ্চাশ অতিক্রান্ত। এখন তার চেয়ে বেশি সংখ্যায় ধুঁকে ধুঁকে জীবন শেষ করে দিচ্ছে নেশাগ্রস্ত তরুণেরা। এখন ঘর থেকে কোনো সন্তান বাইরে পা ফেললে মা-বাবার বুক কাঁপে। যতক্ষণ না সে ফিরে আসে, সেই কাঁপুনি কমে না। তা হলে নিউ ইকোনমিকস ফাউন্ডেশনের তালিকায় এ কোন বাংলাদেশ?প্রথম আলোর প্রতিবেদনটি আমার চোখের ভুল ভেঙে গেলে মনোযোগ দিয়ে পড়লাম। দেখতে পেলাম, তালিকার শীর্ষে আছে কোস্টারিকা। মেনে নিলাম, যেহেতু জানি দেশটি সত্যিই এগোচ্ছে সভ্যতার সব মাপকাঠিতে। গণতন্ত্র আছে, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। দেশটিতে সেনাবাহিনী বিলুপ্ত করা হয়েছিল এবং সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ করা বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে দেশটির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। দেশটিতে আমি কখনো যাইনি, আমার ছেলে গিয়েছে। তার কাছে উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি কোস্টারিকার সমাজের। ভিয়েতনামকেও দুই নম্বরে মেনে নিলাম। একটি পরাশক্তির বিরুদ্ধে জয়ী হয়েই কোমর বেঁধে দেশটি নেমে পড়েছে উন্নয়নের পথটা মসৃণ করতে। কম কথা ও বেশি কাজের দেশ ভিয়েতনাম, ভারতকে দেখা গেল ৩২ নম্বরে। বিষয়টা আমাকে ভাবাল। কিন্তু ভাবনাটা বেশি দূর যাওয়ার আগেই চোখে পড়ল, পাকিস্তান আছে ১৬ নম্বরে। ভুল দেখিনি তো? একটা ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সুখী অবস্থানের: ‘তবে সাম্প্রদায়িক সংঘাত এবং একের পর এক জঙ্গি হামলা সত্ত্বেও এগিয়ে আছে পাকিস্তান।’ পাকিস্তানে সাম্প্রদায়িক সংঘাত তা হলে কারও মনে কোনো অসুখ উৎপাদন করে না। যে সামান্যসংখ্যক হিন্দু পাকিস্তানে আছে, তাদের মনে নিশ্চয় সুখ বিরাজ করছে না। কিন্তু তাদের একটি বড় অংশ এখন ভারতে আশ্রয় নিচ্ছে। ভারতে তারা স্থায়ী হলে তাদের মনের অসুখ হয়তো ভারতীয় সুখ-সূচকে প্রভাব ফেলবে। কিন্তু শিয়া, আহমদিয়া ও খ্রিষ্টানরা? তাদের মনে সুখ কোথায়? তা ছাড়া ঘন ঘন জঙ্গি হামলাই বা কীভাবে মানুষের মনের সুখ নষ্ট করতে অপারগ, তা বোধগম্য হলো না। তবে এর জন্য বেশি দিন হয়তো আমাকে অপেক্ষা করতে হবে না। রামু, পটিয়া, উখিয়াতে যারা নরকের আগুন জ্বেলেছে, তারা যখন পুরো বাংলাদেশটাকেই বেছে নেবে তাদের কর্মপরিধি হিসেবে, তখন আমরাও পাকিস্তানিদের মতো ঘন ঘন জঙ্গি হামলায় আর চিত্তসুখ হারাব না।সুখী দেশের তালিকাটি নিয়ে আমার যে ঘোরতর সংশয় দেখা দিল, সেই সংশয় নিয়েই একটা সংশয় জাগল যখন আফগানিস্তানকে ১০৯তম স্থানে দেখা গেল। তা হলে তালিকাটি হয়তো ঠিক। ভিয়েতনামের মানুষ এক পরাশক্তির সঙ্গে যুদ্ধে জিতে দেশ গড়ার কাজে নেমে আনন্দ পাচ্ছে। বাংলাদেশের মানুষও একটা যুদ্ধে জিতেছিল, কিন্তু বিজিতদের জন্য এর একটা অংশের মানুষের প্রেম-ভালোবাসায় এই জয় কোনো প্রভাব ফেলেনি। দেশ গড়ার কাজেও কেউ নামেনি, শুধু সেই ভগ্নস্বাস্থ্য কৃষক-শ্রমিক এবং আশির দশক থেকে নারী শ্রমিকেরা ছাড়া। আফগানিস্তানের মানুষ যুদ্ধ করেছে দুই পরাশক্তির বিরুদ্ধে, এখনো করছে এক পরাশক্তি ও তার সাঙ্গপাঙ্গদের এবং উগ্রবাদী নানা শক্তির বিরুদ্ধে। আফগানিস্তানের মানুষ যুদ্ধ করছে একটা সুস্থ ও সুন্দর জীবনের জন্য, প্রায় ধ্বংস হয়ে যাওয়া সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থাকে উদ্ধারের জন্য। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের ক্রিকেট দলটিকে দেখে আমি বুঝেছি, যুদ্ধটি আসলে কোন জায়গায়। সেটি আত্মপরিচয় পুনরুদ্ধারের। দলটি আমার সমীহ ও সমর্থন আদায় করেছে। আমি নিশ্চিত, একবার আফগানরা পরাশক্তিগুলোকে এবং তাদের দোসরদের ও উগ্রবাদীদের বিদায় দিতে পারলে দেশটি সুখী দেশের তালিকায় শীর্ষে চলে আসবে। অনেক বছর আগে সৈয়দ মুজতবা আলী কিছুদিন আফগানিস্তানে ছিলেন। তাঁর মতে, আফগানদের মতো খুব কম জাতিই জীবনকে এতটা আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে।বাংলাদেশকে তা হলে কী বিচারে, কোন পর্যবেক্ষণে এবং পরিসংখ্যানে বিশ্বের ১১তম সুখী দেশের আসনটি দিয়ে দিল ওই ফাউন্ডেশনটি? তারা নিশ্চয় একটা জরিপ করেছে। নিশ্চয় অনেক মানুষকে প্রশ্ন করেছে, ক্ষেত্রসমীক্ষা করেছে, এক বছর ধরে বাংলাদেশের সুখচিত্র পর্যবেক্ষণ করেছে। ফাউন্ডেশনটি নিশ্চয় আমাদের রাজনীতি, সমাজ ও শিক্ষাঙ্গনগুলোকে তার বিচারে রেখেছে, আদালতে বিচার চাইতে আসা মানুষজন, চটের ব্যাগ হাতে বাজারে ঢোকা কেরানিকে অনুসরণ করেছে, পুলিশ-র্যাবের কর্মকাণ্ড দেখেছে, প্রশাসনের শাসনচিত্রটিও দেখেছে। এসব দেখে-শুনেও ফাউন্ডেশনটি বাংলাদেশকে ১১তম সুখী দেশের তকমা দিয়ে দিল? রামুর ঘটনা তো এই কিছুদিন আগের, তার আগেও তো পাহাড়ি মানুষ এবং আদিবাসীদের মুখের হাসি কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। স্কুলের শিক্ষকেরা সামান্য কটা দাবি আদায় করতে এসে পুলিশের জলকামান ও লাঠির সামনে পড়েছেন, রাজনৈতিক কারণে নেতা-কর্মীরা গুম হয়েছেন, নারীরা অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। তা হলে? প্রথম আলোর ওই সংবাদটি পড়া শেষ হলে চোখ পড়ল, হলমার্ক কেলেঙ্কারির নায়কদের খোঁজা হচ্ছে (ইতিমধ্যে দুজন গ্রেপ্তার হয়েছেন)। এই সংবাদ ধাঁ করে আমাকে জানিয়ে দিয়ে গেল, বাংলাদেশ বিশ্বের ১১তম সুখী দেশ হওয়ার রহস্য। নিউ ইকোনমিকস ফাউন্ডেশন অবশ্যই জরিপ-টরিপ করেছে, ক্ষেত্রসমীক্ষা করেছে, তবে যে এক হাজার ৩৫০ বা এ রকম সংখ্যক মানুষের তারা সাক্ষাৎকার নিয়েছে, তাদের প্রশ্ন করেছে, তাদের মধ্যে নিশ্চয় সবাই ছিলেন সুখী মানুষ। হলমার্কের লোকজন নিশ্চয় ছিল, ডেসটিনির ছিল, যারা দীর্ঘদিন ধরে প্রতিদিন হাসতে হাসতে ব্যাংকে যায়। নিশ্চয়ই ছিল শেয়ার মার্কেট কেলেঙ্কারির হোতারা, ভূমিদস্যুরা এবং বালু ব্যবসায়ীরা, যারা আমাদের নদীগুলোকে নিঃস্ব করে বিমলানন্দে ব্যাংকে যাচ্ছে। নিশ্চয় ফাউন্ডেশনটি আমাদের সেই রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছে, যাঁরা দেশটাকে বিক্রি করে দিয়ে হলেও অর্থবিত্তের মালিক হতে চান, যাঁরা নিয়োগ-বাণিজ্য করে এক মাসে ১০০ কোটি টাকা হাতিয়ে নেন। জরিপকৃতদের মধ্যে নিশ্চয় ছিলেন বড় বড় প্রকল্পের (মেগা প্রজেক্ট) সুবিধাভোগীরা, টেন্ডার ব্যবসায়ী ছাত্রনেতারা, কোচিং-বাণিজ্যে শেঠ বনে যাওয়া শিক্ষা ব্যবসায়ীরা। নিশ্চয় আরও ছিলেন সেসব উগ্রবাদী যাঁরা ভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থ, উপাসনালয় ও ধর্মাবলম্বীদের আক্রমণ করে চিত্তসুখ পান। প্রকৃতিকে গ্রাস করে, পাহাড়-টিলা কেটে যাঁরা নতুন ভূচিত্র সৃষ্টি করেন এবং যাঁরা মাদকের ব্যবসা করে গোটা এক-দুই প্রজন্মকে চিরতরে নুলা বানিয়ে বিদেশে প্রাসাদ বানান। একটি দৈনিক খবর দিয়েছে পাবনার দিকে ২০০ কোটি টাকা খরচ করে রেলপথ হচ্ছে এক ঘুরো পথে, যাতে তা এক রেলকর্তার বাগানবাড়ির পাশ দিয়ে যায়। এই ইংরেজি দৈনিক ‘ভিক্ষুকদের ওপরও ডাকাতি হচ্ছে’ শিরোনামে লিখেছে, এক সংসদীয় কমিটি খোঁজ পেয়েছে কয়েকজন সরকারি কর্মকর্তা চার জেলায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য বরাদ্দ মেরে দিয়েছেন। ফাউন্ডেশন নিশ্চয় এসব মহাজনের সাক্ষাৎকার নিয়েছে। এবং এরা যে সবাই সন্তুষ্ট, সুখভাগী ও প্রীতিমান—এ কথা তাদের বাড়ির কার্নিশে বসা বুড়ো কাকটাও বলে দিতে পারে।বাংলাদেশে অনেক মানুষ এখন সুখী এবং এই সুখীদের তালিকা ক্রমেই বড় হচ্ছে। সরকার বদল হলে এই সুখীদের একটি অংশ সাময়িক বিপাকে পড়ে বটে, কিন্তু এ দেশে সবচেয়ে বেশি ব্যবহূত যে শব্দ, সেই ‘ম্যানেজ’ জাদুর মাধ্যমে আবার তাদের সুখ জেগে ওঠে। এদের বদান্যতায় বাংলাদেশ এখন বিশ্বের ১১তম সুখী দেশ। আমাদের আশা, এই সুখীদের বংশ যত দ্রুত বাড়বে তত এক নম্বর দেশের অবস্থানের দিকে আমাদের যাওয়ার মাইলফলকগুলো আমরা একটা একটা করে পেছনে ফেলে যাব।সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।