বিশ্বের সব দেশের সুখী মানুষের সারিতে ১১তম ব্যক্তিটি হবেন একজন বাংলাদেশি! লন্ডনের নিউ ইকোনমিকস ফাউন্ডেশন নামের বেসরকারি সংস্থাটি জরিপ করে এই ‘সত্য’ আবিষ্কার করেছে। মোগল সভাপণ্ডিত আবুল ফজল একদা বাংলাকে বলেছিলেন ‘বুলঘাখানা’ বা চির অশান্তির দেশ। সুখী তালিকার শীর্ষের দিকে থাকায়, অন্তত সেই অপবাদ ঘুচবে। সুখ আপেক্ষিক, দেশ ও সমাজ ভেদে তার ধারণা বদলায়। তাই বাংলাদেশের মানুষ কতটা সুখী, তা জানার বৈজ্ঞানিক সূচক নেই। কিন্তু এটা বলা যায় যে এই দেশের মানুষের এক সাধারণ জীবনবাদিতা আছে, কৌতুকপ্রিয়তা আছে, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। শতেক কষ্টেও মুখে হাসি ফুটিয়ে জীবন চালিয়ে নেওয়ার জন্য যে মানসিক শক্তি লাগে, তার দেখা আমরা ইতিহাসে যুগে যুগে দেখেছি। জরিপটি কিছুটা বিভ্রান্তিকরও বটে, এই তালিকায় যুক্তরাষ্ট্র আর আফগানিস্তানের অবস্থান খুবই কাছাকাছি। আবার অশান্তির অনলে নিক্ষিপ্ত পাকিস্তানের মানুষকেও দেখানো হয়েছে সুখে ভরপুর অবস্থায়। অন্যদিকে দারিদ্র্য, আর অনিশ্চয়তার পটভূমিই আমাদের জাতীয় জীবনের চালচিত্র। প্রতিটি নতুন দিন এখানে নতুন আশঙ্কা ও উত্তেজনা নিয়ে শুরু হয়। তবে এসব সত্ত্বেও যদি জীবনকে আরেকটু সুখী ভাবা যায়, তাতে দোষ কী?বলা হয়, আধুনিক মানুষ বিচ্ছিন্নতায় ভোগে এবং আধুনিক জীবনযাপন উত্তেজনা ও অবসাদ সৃষ্টি করে। প্রবীণ প্রজন্মকেও দেখা যায় বর্তমানের তুলনায় অতীতের ছবি সুখের সোনালি রঙে আঁকতে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো অনাগরিক অনাধুনিক জীবন চালিয়ে যাচ্ছেন। এই অর্থে বাংলাদেশের মানুষ সুখী বৈকি! তা ছাড়া একদা দুর্নীতির শীর্ষে থাকার রেকর্ড সুখের রেকর্ডেবদলে গেলেও মন্দ হয় না। বাংলাদেশে প্রচলিত ‘সুখী মানুষের গল্পের’ কথা সম্ভবত লন্ডনের ওই জরিপ সংস্থাটি জানে। এক রাজার হাড়মড়মড়ি ব্যারামের প্রতিকারে সুখী লোকের জামা পরার কথা বললেন কবিরাজ। মনের দুঃখে অরণ্যে গিয়ে রাজা পেলেন এক কাঠুরিয়াকে। লোকটি তৃপ্ত ও সুখী জেনে রাজা তাঁর জামাটি পেতে চাইলেন। কাঠুরে তখন হাসিমুখে জানান, তাঁর কোনো জামা নেই, এতই সে গরিব। সুখী মানুষের তালিকা প্রস্তুতকারীরা নিশ্চয়ই বাংলাদেশের এই কাঠুরিয়ার গল্পটি জেনে থাকবেন।