সুনামগঞ্জ সদর হাসপাতালের করুণ চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার প্রথম আলোর খবরে বলা হয়েছে, এই সদর হাসপাতালে চিকিৎসকসহ বিভিন্ন পদে ৫৯ জন থাকার কথা, কিন্তু আছেন মাত্র ১৮ জন। অর্থাৎ, ৪১টি পদই শূন্য। বিভিন্ন বিভাগে মোট ২১ জন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কনসালট্যান্ট থাকার কথা। কিন্তু কাগজে-কলমে আছেন ৯ জন। অভ্যন্তরীণ বিভাগে ১২ জন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা, কিন্তু ১ জনও নেই। আবাসিক সার্জন, আবাসিক ফিজিশিয়ান, সহকারী সার্জনসহ বিভিন্ন পদ খালি। নাক, কান ও গলা; অর্থোপেডিক; চর্ম ও যৌনরোগ বিভাগে চিকিৎসক নেই। গাইনি বিভাগে চিকিৎসক না থাকায় পাঁচ মাস ধরে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে করে তাঁদের বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। আর ক্লিনিকে গেলে ২৫-৩০ হাজার টাকা গুনতে হয়। এতে জেলার অসচ্ছল পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে।

চিকিৎসকসংকট ছাড়াও রয়েছে নার্স, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট। ২৫০ শয্যার হাসপাতাল হলেও ১০০ শয্যার লোকবলও নেই। অথচ প্রতিদিন ২০০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে আরও পাঁচ শতাধিক মানুষ। জনবল না থাকায় হাসপাতালে আসা রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না। দরিদ্র ও স্বল্প আয়ের লোকজনের চিকিৎসার জন্য ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল। তাঁরা যদি সেখানে গিয়ে সেবা না পান, তাহলে যাবেন কোথায়? হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসক, নার্সসহ লোকবলসংকটের বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। অথচ এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই!

আমরা এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। জরুরি ভিত্তিতে হাসপাতালের সব শূন্য পদে লোক নিয়োগ দিতে হবে। এই হাসপাতালে এসে রোগীরা যাতে হয়রানির শিকার না হন এবং যথাযথ চিকিৎসা পান, সে ব্যবস্থা করতে হবে।