সুরমা নদীর ভাঙনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সড়ক ও বিভিন্ন স্থাপনা যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, তা রীতিমতো উদ্বেগজনক। বৃহস্পতিবার প্রথম আলোর খবর জানাচ্ছে, সুরমা নদীর ভাঙনে গত দুই বছরে ওই এলাকার সড়কের এক শ থেকে দেড় শ মিটার সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গত বছর ১৫–১৬টি দোকানঘর নদীতে চলে যায়। এবার বৃষ্টি শুরু হওয়ার পর ব্যাপক হারে ভাঙন শুরু হয়। গত এক মাসে ভাঙনে নদীতীরের আটটি দোকানঘর বিলীন হয়ে গেছে। এসব দোকানের পাশে থাকা খেয়াঘাটটি এখন ঝুঁকির মুখে রয়েছে। এক বছর আগে এই পাকা ঘাটটি নির্মাণ করা হয়েছিল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আবাসিক ভবন এবং বাজারের ৩০ থেকে ৪০টি দোকান। উদ্বেগের বিষয় হচ্ছে, নদীভাঙনের কবলে পড়ে সড়ক, স্থাপনা একটু একটু করে বিলীন হয়ে যাচ্ছে, অথচ এ ব্যাপারে কারও টনক নড়েনি।
প্রথম আলোর খবর অনুযায়ী, দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে স্মারকলিপি দিয়েছেন। এলাকার সাংসদ মুহিবুর রহমান এ নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন। পানিসম্পদমন্ত্রীও বিষয়টি জানেন। অথচ ভাঙন রোধে কারও পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন উপজেলা প্রশাসন ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ডকে তৎপর হতে হবে। নদীভাঙন রোধে দ্রুত প্রকল্প গ্রহণ করতে হবে।
আমাদের দেশে নদীর তীরবর্তী মাটির তলদেশ ক্ষয়ে যাওয়া, বন্যার তীব্রতা বৃদ্ধি, অপরিকল্পিত ড্রেজিং, নদীর গতিপথ পরিবর্তন, নদীতে অপরিকল্পিত বাঁধ ও গ্রোয়েন নির্মাণসহ নানা কারণে নদীভাঙন হয়। সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নদীভাঙন রোধে নেওয়া হয় নানা প্রকল্প। ব্লক ফেলাসহ নেওয়া হয় নানা ব্যবস্থা। এতে কোটি কোটি টাকা ব্যয় হলেও এসব ব্যবস্থা স্থায়ী হয় না। আমরা চাই, দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীসহ দেশের অন্যান্য নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক।