সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক যুব উন্নয়ন সূচক বা ইয়ুথ ডেভেলপমেন্ট ইনডেক্সে (ওয়াইডিএ) বাংলাদেশে তরুণদের কর্মসংস্থানসহ অন্যান্য বিষয়ে যেসব তথ্য উঠে এসেছে, তা সত্যিই হতাশার। গত শুক্রবার কমনওয়েলথ প্রকাশিত এই সূচকে বলা হয়েছে, তরুণ বা যুবকদের কর্মসংস্থানে বাংলাদেশ পিছিয়ে আছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। আর রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক কর্মকাণ্ডসহ সব বিষয় যুক্ত করে ১৪৬তম অবস্থান নিয়ে বাংলাদেশের স্থান সূচকের নিচের সারিতে। সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল ও ভারতের চেয়ে পিছিয়ে।

সূচকে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা পাওয়া ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তরুণেরা পিছিয়ে আছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১০২তম। শিক্ষা পাওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রেও এ দেশের তরুণেরা পিছিয়ে। বাংলাদেশের অবস্থান এ ক্ষেত্রে ১৪৫তম, রাজনৈতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের ক্ষেত্রে অবস্থান ১৪০তম। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের এই অবস্থান মোটেও আশাব্যঞ্জক নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে কর্মক্ষম ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। এর মধ্যে পুরুষ ১৪ লাখ, নারী ১২ লাখ ৩০ হাজার। বোঝা যায়, কর্মসংস্থানের ক্ষেত্রে যথাযথ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব রয়েছে। পরিকল্পনা থাকলে এবং ধারাবাহিকভাবে তা বাস্তবায়িত হলে পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছত না। অথচ তরুণ জনশক্তিই তাদের উদ্যম ও উদ্ভাবনী শক্তি দিয়ে শ্রমবাজারে কার্যকর ভূমিকা রাখতে পারে। বেকারত্ব নিরসন, কর্মক্ষম জনশক্তির জন্য কাজ সৃষ্টি বা সম্ভাবনাময় তরুণসমাজকে কাজে লাগানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই।

কর্মসংস্থানে উদ্যোগী হওয়ার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকেও এর সঙ্গে মিলিয়ে ঢেলে সাজাতে হবে। কারণ, এত সংখ্যক বেকার থাকার পরও দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে এবং সে জন্য বিদেশি জনশক্তিকে কাজে লাগাতে হচ্ছে। নজর দিতে হবে স্বাস্থ্য খাতের দিকেও। দুর্ভাগ্যজনকভাবে দেশের বেশির ভাগ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার বাইরে। দুর্নীতি আর অনিয়ম দূর করার পাশাপাশি সরকারকে এ খাতে বরাদ্দ বাড়াতে হবে। তা না হলে এ ধরনের বৈশ্বিক সূচকে বাংলাদেশের উন্নতির সম্ভাবনা কম।