সুন্দরবনের ব্যাপারে সরকারের অবস্থানকে আত্মঘাতী হিসেবেই বিবেচনা করতে হচ্ছে। তা না হলে গত ডিসেম্বরে সুন্দরবনে তেলবাহী কার্গো ডুবে যাওয়ার মতো বিপর্যয়কর ঘটনার পর আবার একই রুটে তেল ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়া হতো না। বোঝা গেল, মুখে যা-ই বলুক, বিশ্ব ঐতিহ্য হিসেবে বিবেচিত সুন্দরবন রক্ষায় সরকারের কোনো সদিচ্ছাই নেই।
তেলের কার্গো ডুবে যাওয়ার ফলে সে সময়ে যে মাত্রায় দূষণ হয়েছে, তা বনটির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলেই বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ওই দুর্ঘটনায় সে সময়ে যে তেল সুন্দরবনে ছড়িয়ে পড়েছে, তার তিন ভাগের এক ভাগও অপসারণ করা সম্ভব হয়নি। এসব বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে জাতিসংঘ ও বাংলাদেশের যৌথ মূল্যায়নের ভিত্তিতে সুন্দরবনের ভেতর দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সীমিত আকারে ও কিছু শর্ত মেনে সেই রুটে কিছু নৌ–চলাচলের কথা বলা হয়। এসব কিছু তো মানা হচ্ছেই না, এখন নৌপরিবহন মন্ত্রণালয় সেখান দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।
সুন্দরবন যেহেতু ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, তাই এই বন সব সময়ই তাদের নজরদারির মধ্যে রয়েছে। তাদের আশঙ্কা, এই বনের মধ্য দিয়ে নৌ–চলাচল ও এর পাশেই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অনন্য এই বনের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করতে পারে। সরকার যদি এই বন রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে না পারে, তবে তা বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারাতে পারে। আগামী জুনে ইউনেসকোর এক সম্মেলনের আগে এ ধরনের একটি পদক্ষেপ সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের মর্যাদাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
সরকার যদি বিশ্ব ঐতিহ্যের মর্যাদা থেকে সুন্দরবনকে ‘বিপন্ন’ অবস্থায় নামিয়ে আনতে না চায়, তবে এ ধরনের আত্মঘাতী পদক্ষেপ থেকে সরে আসতে হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এই অপরিণামদর্শী সিদ্ধান্ত স্থগিত করতে আমরা সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।