সুন্দরবন নাকি 'ভারী শিল্প এলাকা'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের চারপাশে যে ধরনের ও যে মাত্রায় শিল্প স্থাপনের উদ্যোগ আয়োজন চলছে, তাতে এটা মনে হতে পারে যে সরকার সম্ভবত ওই এলাকাকে ‘ভারী শিল্প এলাকা’ ঘোষণা করেছে। আসলে কাগজে-কলমে ও আইনগতভাবে বিষয়টি পুরো উল্টো। প্রশ্ন হচ্ছে, তাহলে এই তৎপরতা চলছে কীভাবে? এসব শিল্পের উদ্যোক্তারা আর্থিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী বলে?
সুন্দরবন ঘিরে ১৫০ শিল্প প্রকল্প! সুন্দরবন বিশ্বঐতিহ্যের অংশ। আর আমাদের সংবিধানে জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। দেশের জীববৈচিত্র্যের প্রায় ৭০ ভাগের আধার হচ্ছে এই সুন্দরবন। সব মিলিয়ে এই বনটি রক্ষায় সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ। ফলে সুন্দরবন ও এর জীববৈচিত্র্যকে রক্ষায় সরকার সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ বা ইসিএ হিসেবে ঘোষণা করেছে। আইন অনুযায়ী ওই এলাকায় শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ নেই।
সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে ইসিএ ঘোষণা করা হয়েছে ২০১৫ সালের জানুয়ারি মাসে। কিন্তু পরিবেশ অধিদপ্তর এর আগেই সেখানে ১৫০টি শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পকে আইনগত ছাড়পত্র দিয়ে রেখেছে। এর মধ্য দিয়ে আমাদের পরিবেশ অধিদপ্তর ও এর কর্তাব্যক্তিদের বিচার-বিবেচনাবোধের একটি ধারণা পাওয়া যায়। কিন্তু ইসিএ ঘোষণার পরও এসব ছাড়পত্র বাতিল করার কোনো উদ্যোগ না নিয়ে তারা তাদের দায়িত্বহীনতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে।
এখন পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি উপস্থাপন করা হবে। পরিবেশ মন্ত্রণালয়ের এই অবস্থান দায়িত্ব এড়ানো ছাড়া আর কিছু নয়। সুন্দরবনের চারপাশে ইসিএ ঘোষণা হওয়ার পর এই আইন বাস্তবায়ন ও রক্ষার দায়িত্ব হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের। এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। ইসিএর বিধান মেনে অবিলম্বে ওই অঞ্চলে দেওয়া সব শিল্প ও প্রকল্পের ছাড়পত্র বাতিল করার উদ্যোগ নিতে হবে। এসব শিল্পের মালিক কে বা কারা তা বিবেচনার কোনো সুযোগ নেই।