২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের আগের দিন প্রথম আলোর প্রধান প্রতিবেদন ছিল সুন্দরবনের বাঘ হত্যা নিয়ে। এবার জানা গেল, বাঘ হত্যার এক অভিনব পন্থা আবিষ্কার করা হয়েছে। হরিণ শিকার করে তার গায়ে ‘ফুরাডান’ নামের শক্তিশালী কীটনাশক বিষ মাখিয়ে সুন্দরবনে ফেলে রাখা হয়, সেই বিষাক্ত হরিণ খেয়ে বাঘ মরে যায়। বাঘ শিকারের এর চেয়ে সহজ পন্থা আর কী হতে পারে?
ফুরাডান অতি বিষাক্ত রাসায়নিক কীটনাশক, যা বাংলাদেশের কৃষকেরা ফসলখেতের পোকামাকড় মারার কাজে ব্যবহার করেন। বহু বছর ধরে এটি বেশ জনপ্রিয়, সে কারণে সহজলভ্যও বটে। ফুরাডানের এই সহজলভ্যতাই এখন সুন্দরবনের বাঘের জন্য অস্তিত্বের সংকট হয়ে উঠেছে। এই সহজলভ্য বিষ বাঘ হত্যায় ব্যবহার করা অব্যাহত থাকলে অচিরেই সুন্দরবন বাঘশূন্য হয়ে পড়তে পারে।
এ রকম মারাত্মক বিষাক্ত যেসব কীটনাশক কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে, সেগুলোর লভ্যতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এমনকি ফুরাডানের মতো শক্তিশালী বিষ নিষিদ্ধ করা যায় কি না, সেটাও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে বিবেচনা করে দেখা যেতে পারে। তবে বাঘ মারার পন্থা বা পদ্ধতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সর্বনাশা অপরাধের পেছনের প্রণোদনা বা লিপ্সায় আঘাত হানা।
বাঘ হত্যা দুর্দমনীয় এক অপরাধ হিসেবে চালু আছে এই কারণে যে এটি অত্যন্ত লাভজনক। তাই এটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অত্যন্ত শক্তিশালী এক চক্র, যা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিকভাবে ছড়ানো। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের অনুসন্ধান-জরিপভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের সুন্দরবনে বাঘ মেরে তার অঙ্গপ্রত্যঙ্গ ভারতে পাচার করা হয়। এই পাচারের সঙ্গে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর একশ্রেণির সদস্য জড়িত। ইন্টারপোলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুন্দরবনের বাঘ হত্যায় সক্রিয় একটা সংঘবদ্ধ চক্র আছে, যাদের সঙ্গে সুন্দরবন এলাকার কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধির সম্পৃক্ততা আছে।
সুতরাং প্রথম কাজ হচ্ছে বাঘ হত্যা ও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানে সক্রিয় কথিত সংঘবদ্ধ চক্রটিকে ধ্বংস করা। এই চক্রের স্থানীয় প্রভাবশালী অংশকে নিষ্ক্রিয় করতে হবে, সে জন্য কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোর কোনো অংশের যোগসাজশ থাকলে সেই অংশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সুন্দরবনের অবশিষ্ট বাঘ রক্ষা করা একান্ত জরুরি।