সুন্দরবনে ট্যাংকারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগের দেশ হিসেবে বাংলাদেশ সরকারের একটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে। অথচ প্রায় প্রতিটি দুর্যোগ বা বড় ধরনের কোনো দুর্ঘটনার পর দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে অপারগ। তবে সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাংকার ডোবার ঘটনাটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল মানবসৃষ্ট দুর্যোগ। তাই এর দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কেই নিতে হবে। পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিও তদন্ত শেষে নৌপরিবহন মন্ত্রণালয়কে দায়ী করেছে।
দুর্ঘটনার পর নৌপরিবহনমন্ত্রী বলেছিলেন, সুন্দরবনের ক্ষতি হবে না। এ বক্তব্যের মাধ্যমে তিনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সংসদীয় কমিটি বলেছে, দুর্ঘটনার পরে রাবারের তৈরি ভাসমান প্রতিবন্ধক ব্যবহার করলে তেল এতটা ছড়াত না। এটা যেমন সত্য, তেমনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি অভিযোগ করেছে যে তেল ছড়িয়ে পড়ার চার দিন পর বন বিভাগ ১০০ নৌকা ও ২০০ লোকবল নিয়ে তেল অপসারণের কাজ শুরুর ঘোষণা দেয়। উপরন্তু তেল অপসারণের নামে তারা ‘দুর্ঘটনার আলামত’ দৃষ্টিগোচরের বাইরে নেওয়ার মহাযজ্ঞ চালাচ্ছে বলেও সংগঠন দুটির অভিযোগ। এ ক্ষেত্রেও নৌপরিবহন মন্ত্রণালয় চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
সুন্দরবনে ছড়িয়ে পড়ছে তেলআমরা আশা করব, নৌপরিবহন মন্ত্রণালয় দুর্ঘটনা-পরবর্তী উপযুক্ত ব্যবস্থা গ্রহণে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তারা এই অভিযোগের কৈফিয়ত দেয়নি যে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নির্দিষ্ট সুপারিশ থাকা সত্ত্বেও তারা কেন শ্যালা নদীতে নৌ চলাচল অব্যাহত রেখেছিল। এ ধরনের দুর্ঘটনা ঘটে গেলে তা যে অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে, তা বিবেচনায় নিতেও মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা মার্জনাযোগ্য নয়। এখন পরিবেশ ও বন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী অবিলম্বে সুন্দরবনের ভেতর দিয়ে সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল বন্ধ রাখা হোক।