সুন্দরবনে প্রযুক্তির উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক পরিবেশের প্রতি আমাদের সংবেদনশীলতার অভাব অত্যন্ত প্রকট। তাই আমরা প্রতিনিয়ত বনজঙ্গল ধ্বংস করছি; নদী ও প্রাকৃতিক জলাশয়গুলোর মরণপ্রক্রিয়া ত্বরান্বিত করে চলেছি; কিন্তু উপলব্ধি করছি না যে এই প্রক্রিয়া আমাদের অস্তিত্বের জন্যই একটা বড় হুমকি। প্রকৃতির সঙ্গে এমন অবিমৃশ্যকারী আচরণ এই একুশ শতকে এসে বড়ই দুর্ভাগ্যজনক।
পৃথিবীর অন্যতম বিরল প্রাকৃতিক সম্পদ সুন্দরবনের ওপর মানুষের উপদ্রবের শেষ নেই। বনের ভেতর দিয়ে প্রবাহিত নদী ও বনের আশপাশের জলপথগুলো দিয়ে বাণিজ্যিক পণ্যবাহী নৌযান চলাচলের ফলে সুন্দরবনের প্রাণিকুলের স্বাভাবিক নিরুপদ্রব জীবন হারিয়ে গেছে। উপরন্তু জ্বালানি তেল, কয়লা ইত্যাদি পণ্যসহ জাহাজডুবির ঘটনাও অহরহই ঘটছে। গত তিন বছরে ৯টি পণ্যবাহী জাহাজ ডুবেছে সুন্দরবনের ভেতর দিয়ে প্রবাহিত নদী ও আশপাশের জলাশয়ে। লাখ লাখ টন ফার্নেস অয়েল মিশেছে নদীর পানিতে। সুন্দরবন সম্পর্কে সংবেদনহীনতার সবচেয়ে বড় নজির হলো রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত। এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না—সরকারের তরফে এমন দাবির মধ্য দিয়েই সংবেদনহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
কিন্তু এতেই শেষ নয়; সরকারি মোবাইল ফোন প্রতিষ্ঠান টেলিটক সুন্দরবনের সংরক্ষিত এলাকায় আরও আটটি টাওয়ার বসাতে চায়। এর আগে তারা যে তিনটি টাওয়ার বসিয়েছে, সুন্দরবনের পশু, পাখি, কীটপতঙ্গের স্বাভাবিক জীবনচক্রসহ সামগ্রিক বাস্তুতন্ত্রে সেগুলোর কী প্রভাব সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে কোনো সমীক্ষা কেউ করেনি। টেলিটক টাওয়ার বসানোর অনুমতি চেয়ে বন বিভাগকে চিঠি লিখেছে; মার্চের মধ্যেই তারা টাওয়ারগুলো বসাতে চায়। তারা কি জানে না যে স্বাস্থ্য ও পরিবেশের ওপর টাওয়ারের তরঙ্গের প্রভাব সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো টাওয়ার স্থাপন করা যাবে না—এই মর্মে উচ্চ আদালতের নির্দেশ আছে?
মোবাইল ফোনের টাওয়ার, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ইত্যাদির মধ্য দিয়ে প্রবাহিত তরঙ্গ পাখি ও কীটপতঙ্গের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে, এ সত্য অনেক বৈজ্ঞানিক পরীক্ষা-সমীক্ষায় প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের স্বাস্থ্যের ওপরও মোবাইল ফোনের টাওয়ারের তরঙ্গের ক্ষতিকর প্রভাব প্রমাণিত। তাই পৃথিবীর অনেক দেশে সংরক্ষিত বনাঞ্চল, পশু-পাখির অভয়ারণ্যে এ ধরনের টাওয়ার বসানো নিষিদ্ধ।
সুতরাং সুন্দরবনের সংরক্ষিত এলাকায় টেলিটককে আর কোনো মোবাইল ফোনের টাওয়ার বসানোর অনুমতি দেওয়ার সুযোগ নেই।