পৃথিবীর একক বৃহত্তম বাদাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বিপদের শেষ নেই। প্রবল জনমত অগ্রাহ্য করে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ তো চালিয়ে যাওয়া হচ্ছেই, সেই সঙ্গে সুন্দরবন এলাকায় অনেক বছর ধরে গড়ে ওঠা শিল্পকারখানাগুলোকে বৈধ করে নেওয়া এবং নতুন কলকারখানা স্থাপনের অনুমোদন দেওয়া হচ্ছে।
গতকালের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেল, পরিবেশ বিষয়ে দেশের সর্বোচ্চ সরকারি কর্তৃপক্ষ ‘জাতীয় পরিবেশ কমিটি’ গত রোববার এক সভায় সুন্দরবন এলাকায় ৩২০টি শিল্পকারখানাকে নীতিগত অনুমোদন দিয়েছে। এগুলোর মধ্যে ১৮৬টি আগে থেকেই ছিল, জাতীয় পরিবেশ কমিটি সেগুলোকে বৈধ করে অনুমোদন দিতে বলেছে। ২০১৫ সালে আরও ১১৮টি নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর যেসব প্রাথমিক ছাড়পত্র দিয়েছিল, সেগুলো নবায়ন করতে এবং আরও ১৬টি নতুন শিল্পকারখানা স্থাপনের অনুমোদন দিতে বলেছে। অর্থাৎ পরিবেশগতভাবে ইতিমধ্যেই বিপন্ন সুন্দরবনকে রক্ষা করার উপায় অন্বেষণের পরিবর্তে সরকারের উচ্চপর্যায়ে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে সুন্দরবনের বিপদ আরও অনেক বেড়ে যাবে।
বস্তুত, জাতীয় পরিবেশ কমিটির এ সিদ্ধান্ত দেশের পরিবেশ সংরক্ষণ আইনের সঙ্গে সাংঘর্ষিক। আইনে বলা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন শিল্পকারখানা স্থাপন করা যাবে না। পরিবেশ ও বন মন্ত্রণালয় সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে, যেখানে শিল্পকারখানাসহ যেকোনো উন্নয়নকাজ করার আগে বন ও বনের প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তা ছাড়া জাতিসংঘের সংস্থা ইউনেসকো বলেছে, সুন্দরবন এলাকায় কৌশলগত পরিবেশ সমীক্ষা ছাড়া ভারী শিল্পকারখানা স্থাপন করা চলবে না।
কিন্তু জাতীয় পরিবেশ কমিটির রোববারের সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা নিশ্চিত করার মনোভঙ্গির প্রকাশ ঘটেনি। সরকারের সর্বোচ্চ পর্যায়ে গঠিত এই কমিটির কাছ থেকে দেশের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষার ব্যাপারে ইতিবাচক দিকনির্দেশনা প্রত্যাশিত। কিন্তু রোববারের সভায় এই কমিটির তরফ থেকে সুন্দরবনের স্পর্শকাতর এলাকায় প্রতিবেশের জন্য ক্ষতিকর শিল্পকারখানার প্রতি যে সবুজ সংকেত দেওয়া হয়েছে তা শুধু সুন্দরবনের জন্যই নয়, সারা দেশের পরিবেশ সুরক্ষা-সম্পর্কিত কর্তব্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারের উচ্চপর্যায়ে পরিবেশ সুরক্ষার অঙ্গীকারে কোনো ধরনের শিথিলতা প্রতীয়মান হলে সারা দেশে আইন অগ্রাহ্য করে পরিবেশের জন্য ক্ষতিকর শিল্পকারখানা স্থাপনের প্রবণতা বাড়তে পারে।
এটা হতে দেওয়া চলবে না। সুন্দরবন এলাকায় আর কোনো শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।