বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে বিপর্যয় থেকে বাঁচাতে হবে। কিন্তু আমাদের সরকারের নীতিনির্ধারকেরা এই সুস্পষ্ট জনদাবি উপেক্ষা করে চলেছেন। ‘উন্নয়ন’ সম্পর্কে তাঁদের অদূরদর্শী ধারণার কাছে গৌণ হয়ে পড়েছে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার গুরুত্ব। তাঁরা দেশি-বিদেশি ব্যবসায়ী মহলগুলোর মুনাফা অর্জনের সুযোগ করে দিচ্ছেন, কিন্তু তার ফলে যে সুন্দরবনের বিপন্নতা বেড়েই চলেছে, তা তাঁরা বিশেষ আমলে নিচ্ছেন না।
সুন্দরবনের ক্রম-বিনাশের বিভিন্ন পথ উন্মুক্ত করতে বহুমুখী কর্মকাণ্ড চলছে। যেমন বনের ভেতরের নদীগুলো দিয়ে বাণিজ্যিক জলযান চলাচল। এটা যে কী মাত্রায় বিপর্যয়কর হতে পারে, তা প্রত্যক্ষ করা গেছে ২০১৪ সালের ৯ ডিসেম্বর শ্যালা নদীতে এক তেলবাহী ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখ লিটার তেল ছড়িয়ে পড়ার ঘটনায়। নদীর পানি ও মাটি দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণিকুলের যে ক্ষতি হয়েছে, গত ১৫ মাসেও তা পূরণ হয়নি। অথচ বনের ভেতর দিয়ে জলযান চলাচল এখনো বন্ধ করা হয়নি। গত শনিবার ওই শ্যালা নদীতেই সাড়ে ১২ হাজার মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
নির্বিচারে গাছ কাটা এবং বাঘসহ অন্যান্য প্রাণী শিকারও চলছে নিয়ন্ত্রণহীনভাবে। আর রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা যে সুন্দরবনের মারাত্মক বিপর্যয় ডেকে আনবে, তা বিশেষজ্ঞরা ক্রমাগত বলে চলেছেন। মাত্র ১৪ কিলোমিটার দূরে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে প্রবল জনমত উপেক্ষা করে বলা হচ্ছে এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করবে না। কিন্তু একই বনের ভারতীয় অংশের ২৪ কিলোমিটার দূরেও এ ধরনের কোনো প্রকল্প ভারত সরকারের অনুমোদন পায়নি।
সরকারের নীতিনির্ধারকদের অদূরদর্শী হলে চলে না। সুন্দরবন অমূল্য প্রাকৃতিক সম্পদ। উন্নয়নের নামে কিছু মানুষের রুটি–রুজি ও মুনাফার স্বার্থে সুন্দরবনের ধ্বংস অবশ্যই ঠেকাতে হবে। রামপালের বিদ্যুৎ প্রকল্প অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। বনের ভেতর দিয়ে জলযান পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করুন। নির্বিচারে গাছ কাটা ও পশু শিকার বন্ধ করুন।