সুন্দরবনের বাঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে চার বছরে ৬৯ শতাংশ বাঘ কমে যাওয়ার তথ্যটি সত্য হলে বিষয়টিকে ভয়াবহ বলেই মানতে হবে। একটি জরিপে বাঘ কমে যাওয়ার যে শতকরা হিসাব পাওয়া গেছে, সে ক্ষেত্রে হেরফেরের আশঙ্কা থাকতেই পারে। তবে একই সঙ্গে এটা মানতেই হচ্ছে, হিসাবের ক্ষেত্রে কোনো হেরফের হয়ে থাকলেও সুন্দরবনে বাঘের জীবন এখন চরম হুমকির মুখে। বাঘ নিয়ে সুন্দরবনে এই জরিপটি করেছে বন বিভাগ ও বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট (ডব্লিউটিবি)। জরিপের ওপর ভিত্তি করে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, তাতে যেসব তথ্য রয়েছে সেগুলো মাঠপর্যায় থেকে সংগ্রহ করা। ফলে এই তথ্যগুলোকে বিবেচনায় নেওয়া খুবই জরুরি। মাঠপর্যায়ের তথ্য বলছে, চোরা শিকারিরা সুন্দরবনে তৎপর। বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনেও এর প্রমাণ মিলেছে। ঢাকায় সাম্প্রতিক সময়ে তিনটি বাঘের বাচ্চা উদ্ধারের ঘটনাটিকে এ ক্ষেত্রে আমরা বিবেচনায় নিতে পারি। চোরা শিকারিরাই এখন সুন্দরবনের বাঘের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।একদিকে চোরা শিকারিদের বাঘ নিধন, অন্যদিকে সুন্দরবন ও ওই এলাকার কিছু বাস্তব পরিস্থিতি, বন বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর অসাধু কর্মকাণ্ড—সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমন জায়গায় এসে ঠেকেছে যে জরুরি ভিত্তিতে সুন্দরবনের ব্যাপারে সমন্বিত উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প নেই। সুন্দরবনের বাঘ কমে যাওয়ার যে ভয়াবহ হিসাব প্রকাশ পেয়েছে জরিপে, সেটার যথার্থতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ বাঘশুমারি করা জরুরি। সুন্দরবন ও এর বাঘ রক্ষায় কী উদ্যোগ নেওয়া উচিত, সে জন্য এ ধরনের একটি শুমারি জরুরি।আমরা মনে করি, সুন্দরবন বিষয়টিকে এখন আর শুধু বন বিভাগের হাতে ছেড়ে দিয়ে বসে থাকার সুযোগ নেই। কারণ, এর সঙ্গে এখন অনেক বিষয় ও অনেক পক্ষ জড়িত। সুন্দরবন রক্ষায় বিভিন্ন পক্ষকে জড়িত করে একটি টাস্কফোর্স গঠন করা এখন জরুরি হয়ে পড়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে সুন্দরবন ও এর বাঘ রক্ষায় কী কী করতে হবে, কীভাবে তা বাস্তবায়ন করা যাবে, তা ঠিক করা ও সে অনুযায়ী তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। সুন্দরবনে বাঘের সংখ্যা কমতে থাকার অর্থ বনটিই একসময় হারিয়ে যাওয়া। ফলে বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।