বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকির সম্মুখীন আমাদের এই প্রিয় পৃথিবীর বিরলতম প্রাকৃতিক ঐতিহ্যগুলোর অন্যতম সুন্দরবন। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনাঞ্চল জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন ‘রামসার’ কর্তৃক স্বীকৃত। এর বেশ কিছু অংশ ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে।
কিন্তু মানুষের নানা ধরনের কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের পরিধি ক্রমেই সংকুচিত হয়ে চলেছে। উপরন্তু সম্প্রতি এর কাছাকাছি রামপাল এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের যে উদ্যোগ শুরু হয়েছে, তা সুন্দরবনের বিপর্যয়ের আশঙ্কা অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সরকারের কাছে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা যতটা গুরুত্ব পাচ্ছে, সুন্দরবনের সুরক্ষা ততটা নয়।
রামপালে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র চালু হলে সুন্দরবনের ইকোসিস্টেমে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে—এমন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিশেষজ্ঞ, পরিবেশবাদী আন্দোলনের কর্মীসহ নাগরিক সমাজের বিভিন্ন স্তরে। রামসার ও ইউনেসকো ২০১২ সালে বাংলাদেশ সরকারকে তাদের উদ্বেগ জানিয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কর্তৃৃপক্ষ যে ‘পরিবেশগত প্রভাব সমীক্ষা’ (ইআইএ) প্রতিবেদন দিয়েছে, সেটার অনেক ত্রুটি ও ঘাটতি চিহ্নিত করেছে ইউনেসকো। রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতিকর হবে—এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ভারতে সুন্দরবন এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরেও এ ধরনের প্রকল্প পরিবেশ কর্তৃপক্ষের ছাড়পত্র পায়নি। অথচ বাংলাদেশে সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরের রামপালে অনুমোদন দেওয়া হয়েছে।
সুন্দরবন নিয়ে উদ্বেগ-আশঙ্কা আমলে নেওয়া হচ্ছে না। বরং উল্টো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এমন প্রচারণা চালাচ্ছে যে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র একটি পরিবেশবান্ধব প্রকল্প’। এখানে সরকারের নীতিনির্ধারকদের দূরদর্শিতার অভাব প্রতীয়মান হচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সুন্দরবনের জন্য বিশেষজ্ঞ মহল ও নাগরিক সমাজে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেটা শুধু দেশ-জাতির এই মুহূর্তের স্বার্থের বিবেচনাপ্রসূত নয়; এই আন্তরিক উদ্বেগ আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের বাংলাদেশের জন্য, এমনকি ভবিষ্যতের পৃথিবীর জন্য। আমরা মনে করি, বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সুন্দরবনের ধ্বংসসাধন অনিবার্য নয়।
নাগরিক সমাজের উদ্বেগ ও বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনায় নেওয়া হোক।