সুপেয় পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবস্থা দাঁড়িয়েছে এস টি কোলরিজের রাইম অব দ্য অ্যানশিয়েন্ট মেরিনার–এর সেই অভিশাপকবলিত জাহাজের নাবিকদের মতো। বিশাল সাগরের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে ছিল জাহাজটি। খাওয়ার পানি শেষ হয়ে গিয়েছিল। চারপাশে সুবিশাল জলরাশি। কিন্তু খাওয়ার পানি এক ফোঁটাও ছিল না। ‘ওয়াটার ওয়াটার এভরি হয়ার/নর অ্যানি ড্রপ টু ড্রিঙ্ক’।

একই অবস্থা দেখা যাচ্ছে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায়। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্বত্র এমন অবস্থা বিরাজ করছে। পানের উপযোগী এক ফোঁটা পানির জন্য সেখানে রীতিমতো হাহাকার চলছে। চারদিকে পানি আর পানি। কিন্তু সবটাই লবণপানি। নারী-পুরুষ, এমনকি শিশুরা পর্যন্ত পরিবারের জন্য প্রয়োজনীয় খাওয়ার পানি সংগ্রহ করতে মাইলের পর মাইল রাস্তা পাড়ি জমাচ্ছে। অনেকে পুকুরের কাদামিশ্রিত ও লবণযুক্ত পানি পান করতেও বাধ্য হচ্ছে।

প্রাকৃতিক উৎসগুলো শুকিয়ে যাওয়া, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা জলাধারগুলো চাহিদা পূরণে সক্ষম না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যা তাদের দৈনন্দিন ও প্রাত্যহিক জীবনের ওপর প্রভাব ফেলছে। টিউবওয়েলের পানি মাত্রাতিরিক্ত লবণ ও আয়রনযুক্ত। এই জনপদের শতাধিক গ্রামে একই অবস্থা।

প্রতিবারের মতো এবারও বর্ষা মৌসুম শেষে উপকূলীয় জনপদে লবণাক্ততার প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি পানীয় জলের সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। ২০০৯ সালের প্রলয়ংকরী আইলার পর থেকে এই এলাকার প্রাকৃতিক পানির জলাধারসহ অসংখ্য গভীর, অগভীর নলকূপ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির সংকট তীব্রতর হয়ে উঠেছে।

কোনো এলাকায় খাওয়ার পানির সংকট দেখা দিলে তা শুধু খাওয়ার পানির সমস্যায় আটকে থাকে না। আরও বড় বড় সংকটের কারণ হয়ে ওঠে। স্বাস্থ্যঝুঁকি বাড়ে। কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়ে। সামাজিক অস্থিরতাও তৈরি হয়। এই দিকগুলো সরকারের নীতিনির্ধারকদের গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। সংকটটি সাময়িক নয়, শিগগিরই প্রাকৃতিকভাবে এর সমাধান হবে, তেমন কোনো লক্ষণও নেই।

সুতরাং এই সংকট থেকে সেখানকার মানুষকে কীভাবে নিষ্কৃতি দেওয়া যায়, তা গুরুত্বের ভাবতে হবে। বর্তমানে বৃষ্টির পানি জলাধারে সংরক্ষণ করে ও পুকুরের পানি ফিল্টারিং করেই মূলত এলাকাবাসী পানির চাহিদা মেটাচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় সেই পানির পরিমাণ খুবই অপ্রতুল। সরকারিভাবে যদি বৃষ্টির পানি ধরে রাখার জন্য বড় বড় জলাধার তৈরি করে এবং পানি শোধনের বড় কোনো প্রকল্প হাতে নেওয়া হয়, তাহলে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হতে পারে। সরকারিভাবে এলাকাবাসীর মধ্যে ট্যাংক সরবরাহ করে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রম জোরদার করা গেলেও জনদুর্ভোগ অনেকখানি কমে যাবে।