সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম কাজীপাড়ার বিভিন্ন বাসাবাড়িতে ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার যে খবর প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, তা সত্যিই উদ্বেগজনক। এসব ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে ওই এলাকার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, পশ্চিম কাজীপাড়ার বসুন্ধরা লেন এবং এর আশপাশের কিছু বাড়িতে ছয় মাসের বেশি সময় ধরে ওয়াসার লাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এসব পানির রংও কালচে। কখনো কখনো পানির সঙ্গে পোকামাকড় আসে। এসব পানি ফুটিয়েও পান করা যাচ্ছে না। ফলে এলাকাবাসী রয়েছেন ভোগান্তিতে। তঁাদের প্রতিদিন পানির পাম্প থেকে বা অন্য এলাকা থেকে খাওয়ার পানি আনতে হয়। ময়লা পানি পান করে অনেকেই পেটের পীড়ায় ভুগেছেন এবং এখনো ভুগছেন। ট্যাপের পানির সঙ্গে আসা ময়লা চোখে গিয়ে এক ব্যক্তি চোখের সংক্রমণে ভুগেছেন অনেক দিন। এই এলাকার অনেকেই বাসাবাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন।
তবে এ সমস্যা নিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের তেমন তৎপরতা নেই। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। ওয়াসা এমনি এমনি পানি সরবরাহ করে না, এ জন্য নগরবাসীকে দাম দিতে হয়। পানির এই হাল, অথচ গত বছর দুই দফা পানির দাম বাড়িয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। দাম বাড়ানোর আগে ভোক্তাদের মতামত নেওয়া উচিত ছিল। সেটা তারা করেনি। এ ছাড়া পানির দাম বাড়ানোর আগে ওয়াসা কি ভেবে দেখেছে, কী মানের পানি তারা সরবরাহ করছে গ্রাহকদের কাছে? কী মানের পানির বিনিময়ে ওয়াসা গ্রাহকের কাছ থেকে দফায় দফায় বাড়তি হারে টাকা নিচ্ছে? এসব নিয়ে ঢাকা ওয়াসার মাথাব্যথা আছে বলে মনে হয় না।
পানি সেবামূলক পণ্য। ওয়াসা এখন এটা নিয়েও বাণিজ্য করছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তারাও বোতলজাত পানি বিক্রি করছে। ওয়াসার এসব স্বেচ্ছাচারমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়াসার উচিত জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা।