টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁইতারা ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে টাকা নেওয়ার যে অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পাওয়া গেছে, তা সত্যি হলে তা হবে চরম হতাশার।
মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক খবর অনুযায়ী, আনাইতারা ইউনিয়নের ১৯ জন বিধবা ও বয়স্ক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত রোববার এক লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ১৪ হাজার টাকা নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাঁদের কোনো কার্ড দেওয়া হয়নি। আর এ কাজে তাঁকে সাহায্য করেছেন ইউপির গ্রাম পুলিশ সদস্য জুলহাস মিয়া।
একজন ইউপি চেয়ারম্যান হচ্ছেন সংশ্লিষ্ট ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি। ইউনিয়ন পরিষদের সব কাজের কেন্দ্রবিন্দু হলেন চেয়ারম্যান। তিনি পরিষদের প্রধান নির্বাহী। পৌর, উন্নয়ন, রাজস্ব, প্রশাসনসহ ইউনিয়নের সব ধরনের কাজ তদারক করার দায়িত্ব চেয়ারম্যানের। সরকারি ভাতা পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি ও তাঁদের কার্ড বিতরণের দায়িত্বও তাঁর। কিন্তু তিনিই যদি এসব দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে ঘুষ খান, তাহলে এলাকার মানুষ কার ওপর ভরসা করবে?
আনাইতারা ইউপির চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে গ্রাম পুলিশের সদস্য জুলহাস মিয়া টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। ফলে বিষয়টি নিয়ে একটি তদন্ত জরুরি হয়ে পড়েছে।
বয়স্ক ও বিধবা ভাতার তালিকা তৈরি ও কার্ড বিতরণ নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বহু এলাকায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এর ফলে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী প্রকল্পের বাইরে থাকছে দরিদ্র ও অসহায় মানুষেরা। এমন ঘটনাও ঘটেছে যে বয়স্ক না হলেও সমাজসেবা অফিসে ঘুষ দিয়ে পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড এবং বিধবা না হলেও পেয়েছেন বিধবা ভাতার কার্ড। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে টাকার বিনিময়ে বিধবা ভাতার কার্ড দেওয়ার ঘটনাও ঘটেছে।
বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার ক্ষেত্রে দুর্নীতি মেনে নেওয়া যায় না। এ ধরনের দুর্নীতি সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে পুরো দেশে। সরকারকে এর মূলোৎপাটন করতে হবে। সরকারকে অবশ্যই এসব অসাধু কর্মকর্তা–কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সরকারের নীতিনির্ধারকদের দায়িত্ব গণমুখী কর্মসূচিগুলোর সুফল সংশ্লিষ্ট জনগোষ্ঠীর দুয়ারে নিশ্চিতভাবে পৌঁছে দিতে কঠোর তদারকিমূলক ব্যবস্থা প্রবর্তন করা। নইলে প্রকৃত প্রাপকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে।