সুযোগের সমতার ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলমত-নির্বিশেষে সব প্রার্থীর জন্য সমান সুযোগের দাবি সর্বজনীন। প্রার্থীদের সুযোগের সমতার ওপরে এ নির্বাচনের সুষ্ঠুতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করবে। কিন্তু নির্বাচনী প্রচারণার মাঠে সুযোগের সমতার অভাব লক্ষ করা যাচ্ছে, সরকার-সমর্থিত নন এমন প্রার্থীদের পক্ষ থেকেও অভিযোগ তোলা হচ্ছে। এ বিষয়টির প্রতি প্রধানত নির্বাচন কমিশনের দৃষ্টি দেওয়া উচিত, তবে একই সঙ্গে সরকারেরও উচিত নয় এমন কিছু করা, যার ফলে সরকার-সমর্থিত প্রার্থীরা বাড়তি সুযোগ পান, আর বিরোধী দলের সমর্থিত প্রার্থীরা বৈষম্যের শিকার হন।
সুযোগের সমতার অভাব সৃষ্টি হওয়ার একটা কারণ সরকারি প্রশাসনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ দায়ের করা মামলা নামে একধরনের আইনি প্রতিবন্ধকতা বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের কাঁধে চেপে রয়েছে আগে থেকেই। এর একটি বড় দৃষ্টান্ত ঢাকা দক্ষিণের মেয়র পদের জন্য বিএনপি–সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস। গাড়ি পোড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, গত বুধবার আদালতে হাজিরা দিয়ে জামিন না পেয়ে তাঁকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে হয়েছে লুকিয়ে। জামিন প্রশ্নে অনিশ্চয়তা যত দীর্ঘায়িত হচ্ছে, ততই তাঁর প্রচারকাজ হয়তো পিছিয়ে পড়ছে। এদিকে, বৃহস্পতিবার মিরপুরে বিএনপির একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া সংবাদপত্রে খবর ছাপা হয়েছে, ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত একজন কাউন্সিলর প্রার্থী হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ঢাকা উত্তরের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর নির্বাচনী প্রচারণায় বাধাসহ হুমকি দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ–সমর্থিত ১৬ জন কাউন্সিলর প্রার্থীকে হত্যা ও হত্যাচেষ্টার মামলা থেকে রেহাই দেওয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
মোট কথা, সব প্রার্থীর সমান সুযোগের বিষয়টি গভীরভাবে প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

আরও পড়ুন