আমাদের সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিগত সমস্যা যে কত গভীর, তা ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সৃজনশীল প্রশ্নপত্রের ধরনের মধ্যে আবারও প্রতিফলিত হলো। পোশাকের সঙ্গে নারীর নির্যাতনের শিকার হওয়ার যোগসূত্র দেখানো মধ্যযুগীয় ধ্যানধারণারই বহিঃপ্রকাশ। এর আগে হলি ক্রসের মতো নামী প্রতিষ্ঠানেও একই ধরেনর ঘটনা ঘটে। উভয় ক্ষেত্রে ইসলামিক স্টাডিজের সৃজনশীল প্রশ্ন করতে গিয়ে শিক্ষকেরা জেনে বা না জেনে এই কাণ্ড করেছেন। বিশেষজ্ঞদের মতে, সৃজনশীল প্রশ্নের বিষয়ে কী করণীয়, সে ব্যাপারে শিক্ষকদের গড়পড়তা ধারণা অস্পষ্ট। হলি ক্রসের ঘটনার পর উদ্বিগ্ন ক্যাথলিক শিক্ষা বোর্ড সৃজনশীল বিষয়ে করণীয় ঠিক করতে সারা দেশে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। একইভাবে সাধারণ মাধ্যমিক শিক্ষা বোর্ডেরও উচিত এই দৃষ্টান্ত অনুসরণ করা। ধর্মীয় শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে।
উদ্বেগের বিষয় যে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নারীর প্রতি অবমাননা ও বিদ্বেষমূলক আচরণ বন্ধ করা যায়নি। গত মাসে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে প্রাথমিক শ্রেণির এক ছাত্রী স্কুল কর্মচারীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়। তবে যেটা লক্ষণীয় তা হলো হলি ক্রস ও আইডিয়াল উভয় স্কুলে ইসলামিক স্টাডিজ-সংক্রান্ত প্রশ্নপত্র তৈরি করতে গিয়ে একই রকম দুঃখজনক ঘটনা ঘটেছে।
এই দুটি ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয় যে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন এবং সেখানে বড় ধরনের সংস্কারের কাজটা কত জরুরি। প্রতিবেশী ভারতেও নারীর পোশাক নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটানো নিয়ে মাঝেমধ্যে হইচই হয়। কিন্তু তাতে ধর্মকে টেনে আনা হয় না।
আইডিয়ালের অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েছেন। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনেরও প্রয়োজন আছে।