সেই দুর্ঘটনার ৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর নিহত হওয়ার ৫ বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তাঁদের আলোচিত দুর্ঘটনা মামলাটির গতি অত্যন্ত ধীর। প্রথম আলো অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে মামলাটি এখন যে পর্যায়ে আছে সেখান থেকে মাত্র কয়েকটি সাধারণ পদক্ষেপ নিলেই এই মামলার রায় আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া সম্ভব। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরেকটু বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল হতে হবে।
প্রথমত, অভিযুক্ত বাসচালক জামির হোসেনের বিরুদ্ধে ৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সহকারী সরকারি কৌঁসুলি এপিপি শনিবার স্বীকার করেন যে আইনের চোখে এটি ত্রুটিপূর্ণ। এ কারণে দুটি ধারা বাদ দিয়ে তিনটি ধারায় অভিযোগ নির্দিষ্ট করার জন্য আদালতের কাছে অবিলম্বে আবেদন করতে হবে। অন্যথায় আসামি এ থেকে অন্যায্য সুবিধা পেতে পারেন। দ্বিতীয়ত, এই মামলার ৩৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, যার দু-একজন মাত্র সরকারি, অন্যরা সবাই সাধারণ লোক। এখন যেটা করণীয়, সেটা হলো অপ্রয়োজনীয় সাক্ষী বাদ দিতে হবে। তৃতীয়ত, অভিযোগ গঠনের পরে সাড়ে তিন বছর পেরিয়ে যাওয়ার পটভূমিতে এটা খুবই প্রত্যাশিত যে মামলা যাতে অহেতুক মুলতবির সম্মুখীন না হয় তা নিশ্চিত করা। ইতিমধ্যে মামলা মুলতবি যতবার হয়েছে তা মোটেই স্বাভাবিক নয়। চতুর্থত, গুরুত্বপূর্ণ সাক্ষীদের সমন জারি ও তা তামিলে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে
বিষয়ে রাষ্ট্রপক্ষকে সর্বাধিক সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন সরকারি সাক্ষী, যাদের সংখ্যাই এখন উল্লেখযোগ্য, তাদের কারও ক্ষেত্রে কোনো অনুপস্থিতির ঘটনা না ঘটে।
অভিযুক্ত বাসচালক জামিনে থাকা অবস্থায় তাঁর সপক্ষে শ্রমিক ধর্মঘট পালিত হতে দেখা যাচ্ছে, যা দুর্ভাগ্যজনক। সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর কাছে আমরা মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আশা করি। বিচারকার্যে পরোক্ষভাবে প্রভাব বিস্তারের যেকোনো চেষ্টাই বেআইনি।