সেকেলে প্রযুক্তি বাদ দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চাহিদার তুলনায় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন কম; ৫০ কোটি ঘনফুট ঘাটতি নিয়ে আমরা চলছি। অথচ বিপুল পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া হয় না।
দেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে গড়ে ২৫০ কোটি ঘনফুট গ্যাস, কিন্তু আমাদের চাহিদা ৩০০ কোটি ঘনফুটের বেশি। এই ৫০ কোটি ঘনফুটের ঘাটতির সিংহভাগই সৃষ্টি হয়েছে গ্যাস ব্যবহারে আমাদের দায়িত্বশীলতার অভাবের কারণে। মোট উৎপাদনের ১৬ শতাংশ বা প্রায় ৪০ কোটি ঘনফুট গ্যাসের অপচয় করা হচ্ছে প্রতিদিন।
বিদ্যুৎ উৎপাদনের জন্য চাহিদা ১৪০ কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ১০০ কোটি ঘনফুট। এই ঘাটতির পুরোটাই মেটানো সম্ভব, যদি অপচয় রোধ করা যায়। সিংহভাগ অপচয় ঘটছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে, কারণ এগুলোর প্রযুক্তি সেকেলে। এ ছাড়া আবাসিক ও বাণিজ্যিক খাতেও বিপুল পরিমাণ গ্যাসের অপচয় হচ্ছে ব্যবহারকারীদের দায়িত্বশীলতা ও পরিমিতি বোধের অভাবের কারণে। এক হিসাবে দেখা গেছে, ২৫০ কোটি ঘনফুট গ্যাস পুড়িয়ে আমরা যে পরিমাণ বিদ্যুৎ, সার ও শিল্পপণ্য উৎপাদন করছি, তার জন্য সর্বোচ্চ ২১০ কোটি ঘনফুট গ্যাস লাগার কথা।
অর্থাৎ গ্যাসের ঘাটতি আমাদের নিজেদেরই সৃষ্টি, কিন্তু সেটা আমরা খেয়াল করছি না। এভাবে আর চলা উচিত নয়। বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানাগুলোর সেকেলে প্রযুক্তি বাদ দিতে হবে। নতুন, জ্বালানি-সাশ্রয়ী দক্ষ প্রযুক্তি ব্যবহার
করতে হবে। এ জন্য শুরুতে অর্থ বিনিয়োগ করতে হলেও চূড়ান্ত বিচারে তা লাভজনকই হবে।
সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও সেকেলে প্রযুক্তির বয়লার বাতিল করে দক্ষ প্রযুক্তির প্রচলন করতে হবে। এ ব্যাপারে তাদের প্রতি নির্দেশনা দেওয়া যেতে পারে, সম্ভব হলে এ জন্য তাদের ঋণের ব্যবস্থাও করা যেতে পারে। বাণিজ্যিক ও আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধের জন্য গ্রাহকদের দায়িত্বশীলতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।