চলতি বোরো মৌসুমে বগুড়ার শেরপুর উপজেলায় ২০ হাজার ২৯১ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কেননা সেখানকার কৃষকেরা এখনো ধান চাষে সেচযন্ত্র ব্যবহারের জন্য সরকারিভাবে অনুমোদনপত্র পাননি। গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে জানা যায়, শেরপুর উপজেলার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উচ্চতর উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) দপ্তরে গভীর ও অগভীর সেচযন্ত্রের ব্যবহারের জন্য সাড়ে ৩০০ কৃষক এক থেকে দেড় মাস আগে আবেদন করেছেন। এ জন্য কেউ কেউ সরকার নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকাও দিয়েছেন।
আউশ, আমন ও বোরো—সব মৌসুমের ধান চাষেই সেচ অপরিহার্য। তবে আউশ ও আমন মৌসুমে কমবেশি বৃষ্টিপাত হওয়ায় এসব মৌসুমে বোরো মৌসুম থেকে অপেক্ষাকৃত কম সেচের দরকার হয়। বোরো মৌসুমে একেবারেই বৃষ্টিপাত হয় না বলে এ মৌসুমে ধানখেতে সেচের চাহিদা বেশি থাকে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলা আর গাফিলতির কারণে শেরপুরে এই সেচ কার্যক্রমই এখন হুমকির মুখে। ঠিক সময়ে জমিতে সেচ দিতে পারবেন কি না, তা নিয়ে এখানকার কৃষকেরা দুশ্চিন্তায় পড়ে গেছেন।
সময়মতো খেতে পানি দিতে না পারলে ধান উৎপাদন যে ব্যাহত হবে, এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর যেন মোটেও চিন্তিত নয়। অন্য আর সব কাজের মতো এখানেও কালক্ষেপণ করছে তারা। কালক্ষেপণই এখন সরকারের সব মন্ত্রণালয় আর দপ্তরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। ধান উৎপাদন নির্বিঘ্ন করার স্বার্থে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে কালক্ষেপণের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আশা করি, সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে। যেসব কর্মকর্তার কারণে যথাসময়ে কৃষকেরা সেচযন্ত্র ব্যবহারের অনুমোদন পাননি, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।