সেতু না থাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্বিপুর এলাকায় চিত্রা নদীর ওপর সেতু না থাকায় ওই এলাকার লোকজনের নদী পারাপারে যে ভোগান্তি হচ্ছে, তা কাম্য নয়।
বৃহস্পতিবার প্রথম আলোর এক প্রতিবেদনে তত্বিপুর এলাকার মানুষের এই ভোগান্তির কথা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তত্বিপুর ঘাটের দক্ষিণ পারে রয়েছে ৭টি গ্রাম, আর উত্তরে ১৫টি। এসব গ্রামের লোকজন তত্বিপুর বাজারে এসে কেনাকাটা করেন। অনেকে ব্যবসাও করেন। এখন এখানে স্থায়ী দোকান দুই শতাধিক, সাপ্তাহিক বাজারে আরও শতাধিক অস্থায়ী দোকান বসে। বাজারটি মালিয়াট ইউনিয়নে অবস্থিত, সেই ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ২১টি। এ জন্য ইউনিয়নবাসীকে চিত্রা নদীর দুই পারে যাতায়াত করতে হয়। কিন্তু নদীর ওপর সেতু না থাকায় এই এলাকার লোকজনকে নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরে ছয়-সাত মাস তাঁরা বাঁশের তৈরি সাঁকোর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন। বর্ষায় পানির তোড়ে সাঁকো ভেসে যায় বা মাঝেমধ্যে ভেঙে পড়ে। তখন কলাগাছের ভেলা ও ছোট ডিঙি নৌকাই ভরসা।
এ সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাঁরা বিভিন্ন সময়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে দাবি জানিয়েছেন, কিন্তু কেউ তাঁদের দাবিতে কান দেননি। এটা খুবই দুঃখজনক। তাঁরা কবে বুঝবেন যে দেশের সার্বিক উন্নয়ন নিহিত ছোট ছোট উন্নয়নের ওপর। দেশের কোনো একটি এলাকার যোগাযোগব্যবস্থা যদি অনুন্নত হয়, তাহলে সেই এলাকার উন্নতি হয় না। এর ফলে দেশের সামগ্রিক উন্নয়নও ব্যাহত হয়।
তত্বিপুর এলাকায় একটি সেতু নির্মিত হলে এলাকার লোকজন সহজেই দুই পারে যাতায়াত করতে পারবেন। বাজারে যাওয়া-আসার পাশাপাশি তাঁদের উৎপাদিত পণ্যও সহজে পরিবহন করতে পারবেন। কাজেই আর বসে থাকার সময় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে তৎপর হতে হবে। অবিলম্বে চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ করে তত্বিপুর এলাকার লোকজনের ভোগান্তি দূর করা তাদের দায়িত্ব।