শুক্রবারের প্রথম আলোর পঞ্চম ও নবম পাতায় প্রকাশিত দুটি বিপরীতধর্মী খবর। প্রথম খবরটি পাঠিয়েছেন প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি, যার সারকথা হলো: নিউইয়র্কে একটি সেতুর সংস্কারকাজ সময়মতো শেষ করতে না পারায় সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতি মিনিটের বিলম্বের জন্য এক হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো খবরে বলা হয়: ‘নেতাদের বাধায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর ওপর প্রস্তাবিত সেতুটি মুখ থুবড়ে পড়ে আছে।’ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে যাওয়ার জন্য এই সেতু নির্মাণ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। কিন্তু সেতুর জন্য নির্ধারিত স্থানটি দখল করে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির স্থানীয় নেতারা। নদীর উত্তর পাড়ের জায়গা জেলা শ্রমিক দলের সভাপতি ও আওয়ামী লীগের শহর কমিটির একজন সদস্যের দখলে এবং দক্ষিণ পাড়ের জায়গা বিএনপির এক সমর্থকের দখলে।সারা দেশে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে কাজিয়া চললেও কিশোরগঞ্জে সেতুর কাজ ঠেকিয়ে রাখতে তাঁরা পরস্পরের প্রতি হাত মিলিয়েছেন। এই অশুভ কাজে হাত না মিলিয়ে ভালো কাজে হাত মেলালে দেশ ও জনগণের অনেক উপকার হতো। নিউইয়র্কে সময়মতো সেতুর কাজ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রতি মিনিটের জন্য এক হাজার ডলার জরিমানা করা হলে এক বছর ধরে যেসব নেতা নরসুন্দা নদীর ওপর সেতুর নির্মাণকাজ ঠেকিয়ে রেখেছেন, তাঁদের জরিমানা কত হওয়া উচিত, তা সহজেই অনুমেয়। সেতুর স্থান নিয়ে তাঁদের আপত্তি থাকলে কার্যাদেশ দেওয়ার আগেই তা করা উচিত ছিল। কিন্তু এখন সেতুর কাজ করতে না দেওয়ার কী যুক্তি থাকতে পারে? যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতা আছে বলেই সেখানে সেতু সংস্কারের কাজে বিলম্ব হওয়ার জন্য মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু কিশোরগঞ্জের এই প্রভাবশালীদের লাগাম টেনে ধরার উপায় কী? সেখানে যে প্রভাবশালী ব্যক্তিরা সেতুর কাজ ঠেকিয়ে রেখেছেন, সুমধুর বচনে তাঁদের নিবৃত্ত করা যাবে না। সে জন্য চাই কঠোর আইনানুগ ব্যবস্থা, তাঁদের কাছ থেকেও জরিমানা আদায় করা হোক।