সেতু নির্মাণে বিলম্ব ও জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার প্রথম আলোর খবর অনুযায়ী, চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া গ্রামে বেলে খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয় গত বছরের নভেম্বর মাসে। প্রকল্পটির মেয়াদ ছিল এ বছরের ১৪ জুন পর্যন্ত। কিন্তু আজ পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়নি। এতে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। লোকজনের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর পশ্চিম পাশে খালে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু এতে করে পানি জমে এলাকার চারটি বিলে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। খালের পানি রাস্তার ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে। ফলে কর্দমাক্ত রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, ওই সময়ের মধ্যে কি সেতুর নির্মাণকাজ আদৌ সম্পন্ন হবে? আমাদের দেশে যেকোনো সরকারি প্রকল্পে দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা। এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আসলে এ ধরনের বিলম্বের জন্য যথাযথ জবাবদিহি ও শাস্তিমূলক ব্যবস্থার তেমন নজির না থাকায় এমনটা ঘটেই চলেছে।

বেলে খালের ওপর সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে যে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে। আসল সমস্যা হচ্ছে জনগণের দুর্ভোগের ব্যাপারে স্থানীয় প্রশাসনের গা না করা। তারা জনবান্ধব হলে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজটি যথাসময়ে শেষ করার ব্যাপারে উদ্যোগী হতো।